প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষিতে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় বালু দ্বারা ঢেকে দেওয়ার কাজ চলছে। পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন সড়কে স্তূপ হয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগও নিয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে ভোগা সত্ত্বেও পৌরসভা ভাগাড়টি অপসারণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেলের সামনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। যদিও ভাগাড়টির উপরের অংশ পরিচ্ছন্ন দেখাচ্ছে, স্থানীয়রা দীর্ঘদিনের বর্জ্য সমস্যা সমাধানে প্রশ্ন তুলছেন।
স্থানীয়দের মতে, কয়েক বছর ধরে শহরের বাসাবাড়ি, হাসপাতাল, ক্লিনিক ও হোটেল থেকে সংগৃহীত বর্জ্য ওই স্থানে স্তূপ করে রাখা হচ্ছিল। উন্মুক্ত স্থানে ময়লা পড়ে থাকার কারণে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল, যা পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে তারা সড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে আসছিলেন।
তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোববার সকাল থেকে ওই ভাগাড়ের কিছু ময়লা সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা।
স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে সেখানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছেন। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোনো সমাধান আসেনি। এখন প্রধানমন্ত্রী আসছেন, তাই দ্রুত পরিষ্কার করে ময়লার ওপর বালু দেওয়া হচ্ছে।
একই এলাকার হাসানুর রহমান জানান, এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধের কারণে নাক চেপে রাখতে হতো। শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হতো। রোববার পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার করছে। যদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, তাহলে তাঁদের চলাচলে সুবিধা হবে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রং করা ও ডিভাইডার মেরামতের কাজ চলছে। এ ছাড়া যেসব জায়গায় ময়লার স্তূপ রয়েছে, সেগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। পরে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন