প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি কমপ্লেক্সে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া খনির ভেতরে এখনো আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের সময় খনির ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন, এমনটাই জানিয়েছেন বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি।
বালুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপারেশনস পরিচালক মুহাম্মদ ফাহাদ জানিয়েছেন, নিহত ৩৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করার কাজ শেষ হয়েছে। বাকি দুই শ্রমিককে খুঁজে বের করার জন্য উদ্ধারকারীরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।
প্রদেশের মুখ্য খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ বলেছেন, মাটির প্রায় ৪ হাজার ফুট বা এক হাজার ২১৯ মিটার গভীরে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। দুর্গম এলাকা এবং ধসে পড়া খনির কারণে অভিযানটি জটিল হয়ে উঠেছে।
অঞ্চলটির জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানিয়েছেন, পাশাপাশি থাকা দুটি কয়লাখনিতে মিথেন গ্যাস জমে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে খনি কমপ্লেক্সের একটি বড় অংশ ধসে পড়েছে এবং শ্রমিকরা চাপা পড়েন।
বালুচিস্তানের কয়লাখনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই মিথেন গ্যাস জমে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনার পর খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন