প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী শিশু সিয়ামকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার বাকপ্রতিবন্ধী পিতা আরিফ রাঢীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পিরোজপুর আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করে। এর আগে, মামলার তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। মামলার তদন্ত কর্মকর্তা এবং নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা সুব্রত কুমার সরদার জানান, গত ১২ নভেম্বর বিকেলে শিশু সিয়াম তার বাবা আরিফ রাঢীর সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। এরপর থেকে বাবা ও ছেলে দুজনই নিখোঁজ হয়ে যায়। পরবর্তী দিন ১৩ নভেম্বর আরিফকে তার নিজ গ্রাম গোবিন্দগুহকাঠিতে পরিবারের সদস্যরা দেখতে পান। কিন্তু সিয়ামের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ১৪ নভেম্বর সকালে উপজেলার রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের ঘাড়ের পেছনে গভীর জখম এবং মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায়।
স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, আরিফ রাঢী দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন। সিয়াম পিতার সাথে মাছ ধরতে গিয়ে নৌকায় বসে পিতা-পুত্রের মধ্যে গ্যাঞ্জাম ঘটে। গ্যাঞ্জামের কারণে রাগের বসত ছেলে পিতাকে হাতের বৈঠা দিয়ে আঘাত করে। পরে পিতা নৌকায় থাকা দা দিয়ে ছেলেকে পিছন থেকে কোপ দিয়ে নদীতে ফেলে দেয় বলে কয়েকটি সূত্র দাবি করেছে।
মামলার বাদী ও নিহত শিশুর চাচা পলাশ রাঢী অভিযোগ করে বলেন, বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার পর বাবা-ছেলে দুজনই নিখোঁজ হয়ে যায়। পরদিন আরিফকে পাওয়া গেলেও সিয়ামের বিষয়ে তিনি কিছু জানাননি। পরে নদীতে ভাতিজার মরদেহ পাওয়া যায়। পলাশ রাঢীর দাবি, নৌকায় মাছ ধরার সময় বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ছেলেকে থাপ্পড় মারলে সিয়াম বৈঠা দিয়ে বাবাকে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ নৌকায় থাকা দা দিয়ে পেছন থেকে ছেলেকে কোপ দেন।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিশেষজ্ঞদের দ্বারা আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন