প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন, চীনা গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের শুল্ক এবং ইউরোপে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার চাপ মোকাবেলার জন্য আরও ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা অনুমোদন করেছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ২০৩৫ সালের মধ্যে গাড়ির মডেলের সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনাও গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভক্সওয়াগনের তত্ত্বাবধায়ক বোর্ড কোম্পানিটির ইতিহাসের সবচেয়ে বড় পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনাটির নাম ‘ফিউচার প্ল্যান ২০৩০’, যার মূল লক্ষ্য হলো খরচ কমানো, উৎপাদন সক্ষমতা আরও কার্যকর করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় ভক্সওয়াগনের অবস্থানকে শক্তিশালী করা।
ভক্সওয়াগনের পূর্বে প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে প্রায় ৩৭ হাজার কর্মীর সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে। নতুন করে ৫০ হাজার পদ কমানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে, দশকের শেষ নাগাদ মোট কর্মী কমানোর সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে। তবে, নতুন করে কোন দেশ বা বিভাগে কতজন কর্মী কমানো হবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি।
চীনা গাড়ি নির্মাতাদের দ্রুত উত্থান ভক্সওয়াগনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের বাজারে কোম্পানিটির বিক্রি কমার পাশাপাশি ইউরোপের বাজারেও চীনা বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নির্মাতারা দ্রুত বাজার দখল করছে। যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক এবং বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের উচ্চ ব্যয় কোম্পানিটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
ভক্সওয়াগন জানিয়েছে, ইউরোপে তাদের প্রয়োজনের তুলনায় বছরে ৫ লাখের বেশি গাড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে। অতিরিক্ত সক্ষমতা কমানোর অংশ হিসেবে জার্মানির এমডেন, হ্যানোভার, জভিকাউ ও নেকারজুলম কারখানার ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা চলছে। তবে, এসব কারখানা বন্ধের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
গাড়ির মডেলের সংখ্যা কমানোর পাশাপাশি উৎপাদন-সংক্রান্ত জটিলতাও ৭৫ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছে ভক্সওয়াগন। কমসংখ্যক মডেল ও ভ্যারিয়েন্টে বেশি গুরুত্ব দিয়ে উৎপাদনের পরিমাণ বাড়ানো, খরচ কমানো এবং লাভজনকতা বাড়ানোই এর উদ্দেশ্য।
ভক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম বলেছেন, "পুনর্গঠন পরিকল্পনাটি কোম্পানির ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বার্তা।" দীর্ঘ আলোচনার পর শ্রমিক প্রতিনিধিরাও পরিকল্পনাটিকে সমর্থন করেছেন। তবে, কর্মীদের ওপর যেন পুনর্গঠনের পুরো চাপ না পড়ে, সে বিষয়ে তারা জোর দিয়েছেন।
ভক্সওয়াগন বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা গোষ্ঠী। ভক্সওয়াগন ব্র্যান্ডের পাশাপাশি অডি, পোর্শে ও ল্যাম্বরগিনিসহ বিভিন্ন ব্র্যান্ড এই গোষ্ঠীর অধীনে রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন