প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসী ৯ বছরের পুরনো একটি সেলফি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কারণ, তিনি লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘ-ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে সেলফিটি তুলেছিলেন। হাফিজ আল সাঈদ ২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। সেলফি তোলার পর আব্বাসী শুধু ক্ষান্ত হননি, বরং তিনি এক্স-এ পোস্ট করে সাঈদকে ‘সবচেয়ে চমৎকার মানুষদের একজন’ বলে অভিহিত করেন। তিনি সাঈদকে ‘পাকিস্তানের সবচেয়ে ভুল-বোঝাবুঝির শিকার ব্যক্তি’ হিসেবেও বর্ণনা করেছেন।
আব্বাসীর সেই ছবি ৯ বছর পর আবার ভাইরাল হয়েছে। কারণ, তিনি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-এর অন্যতম অভিনেতা। সিরিজটি নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের মাধ্যমে নির্মিত হচ্ছে এবং এটি ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিরিজটির সম্ভাব্য মুক্তির কারণে বিভিন্ন সংগঠন ভারতে এর সম্প্রচার ঠেকাতে মাঠে নেমেছে। ভারতের কেন্দ্রীয় সরকার নেটফ্লিক্সকে মনে করিয়ে দিয়েছে যে ভারতে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ রয়েছে। আলোচিত সিরিজটি ভারতে প্রদর্শিত না হওয়ার জন্য নেটফ্লিক্সকে সতর্ক করা হয়েছে।
আব্বাসীর বিরুদ্ধে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভারত ছাড়াও, পাকিস্তানের অনেকেই একজন সন্ত্রাসীর পক্ষ নেওয়ার জন্য আব্বাসীর তীব্র সমালোচনা করেছেন। ২০১৭ সালে আব্বাসী ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সঙ্গে তোলা সেলফিটি এক্স-এ পোস্ট করেছিলেন। যদিও ভারতে আব্বাসীর অ্যাকাউন্ট ব্লক করা রয়েছে, তবে ব্যবহারকারীরা তার পুরনো পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে শেয়ার করছেন। একজন ব্যবহারকারী নেটফ্লিক্সকে আক্রমণ করে প্রশ্ন তুলেছেন, “আপনারা কি আপনাদের প্ল্যাটফর্মে সন্ত্রাসীদের প্রচার করছেন?”
আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “হামজা আলী আব্বাসি, যিনি অভিনেতা হওয়ার ভান করেন, তিনি প্রকাশ্যে বিশ্বস্বীকৃত সন্ত্রাসী হাফিজ সাঈদকে সমর্থন ও রক্ষা করেন। এখন কি মানবতার বিরুদ্ধে তাদের অপপ্রচার চালানোর জন্য সন্ত্রাসীদের জায়গা করে দেওয়া হবে?”
একজন অন্য ব্যবহারকারী বলেছেন, “এই পাকিস্তানি সিরিজের অন্যতম প্রধান অভিনেতা হামজা আলী আব্বাসি ২৬/১১ হামলার মূল হোতা সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে রয়েছেন; ফিল্মফেয়ারের লজ্জা হওয়া উচিত এমন একটি পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজের প্রচার করার জন্য, যার অন্যতম প্রধান অভিনেতা আক্ষরিক অর্থেই হাফিজ সাঈদের ভক্ত।”
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “হামজা আলী আব্বাসী—বিশ্বস্বীকৃত সন্ত্রাসী হাফিজ সাঈদের একজন অন্ধ ভক্তও এই নাটকের অংশ; এই মানুষগুলোর সমস্যা কী?”
এই সমালোচনা কেবল ভারতেই সীমাবদ্ধ নয়। বরং কিছু পাকিস্তানি ব্যবহারকারীও সিরিজটিতে আব্বাসীকে অভিনয় করানোর জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সমালোচনা করছেন। পাকিস্তানি আইনজীবী ও লেখক মুনিব কাদির বলেছেন যে, আব্বাসীর ছবির বিষয়ে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে একমত। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন, “জাতিসংঘ বিশ্বব্যাপী যে ব্যক্তির নিন্দা জানিয়েছে, তার সঙ্গে কেন তিনি ছবি তুলেছিলেন—তা আব্বাসীকে স্পষ্ট করতে হবে। এমন একজন ব্যক্তির প্রশংসা করার জন্য হামজা আলী আব্বাসীর ক্ষমা চাওয়া উচিত।”
একজন পাকিস্তানি ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসী জাতিসংঘ-ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে ছবি তুলেছেন এবং তাকে ‘সবচেয়ে চমৎকার, অত্যন্ত ভদ্র মানুষদের একজন’ বলে অভিহিত করেছেন যিনি ‘সহনশীলতা ও মানবতার’ প্রচার করেন। সেই একই ব্যক্তি এখন নেটফ্লিক্সের পাকিস্তানি অরিজিনাল ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-তে অভিনয় করছেন। মুখে সহনশীলতার কথা বলে, আর সন্ত্রাসীদের প্ল্যাটফর্ম দেয়। ভণ্ডামিরও এখন ভেরিফায়েড টিকমার্ক আছে।”
আরেকজন প্রশ্ন তুলেছেন, “যাহোক, হামজা আলী আব্বাসী কেন হাফিজ সাঈদের সঙ্গে ছবি তুলেছিলেন?”
‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ আন্তর্জাতিকভাবে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামে পরিচিত। এটি পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের বেস্টসেলিং উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত একটি রোমান্টিক ড্রামা। সিরিজটিতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসী, ইকরা আজিজ, মায়া আলী এবং বিলাল আশরাফসহ বেশ কয়েকজন সুপরিচিত পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন।
সূত্র : এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন