প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ৩৫১ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ গত দেড় মাসের চলমান এই অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশগ্রহণ করে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার এলাকায় মাদক ব্যবসা, কিশোরদের উৎপাত ও ছিনতাই প্রবণ এলাকাগুলোতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
সর্বশেষ অভিযানে আটক ৩৫১ জনের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে, বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গেল ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে, এবং বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই উদ্দেশ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন