প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইটির বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। গত দুই সপ্তাহ ধরে আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ১৫ দিন আগে ফোনে জানায়, সে দুই মাস পর বাড়ি ফিরবে। আমার মেয়ের সুইটির সঙ্গে কী ঘটেছে, এ বিষয়ে আমি এখনও পরিষ্কার কিছু জানি না। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই, আমার মেয়ের কী হয়েছে। আমি আমার মেয়েকে ফেরত চাই। সে জীবিত হোক বা মৃত, আমি আমার মেয়েকে চাই।
এভাবে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলেন সম্প্রতি সৌদি আরবের মসজিদে অনৈতিক কাজের অভিযোগে মৃত্যুদন্ড কার্যকর হওয়া সুইটির মা জহুরা বেগম।
সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদন্ডের রায় কার্যকরের পর থেকে বাংলাদেশে এ বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে মতামত ও প্রতিবাদ জানাচ্ছেন।
পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় ৪ বছর আগে সৌদি আরবে যান টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের সুইটি আক্তার। প্রথম ৫ মাস তিনি বাড়িতে টাকা পাঠান। পরে ফোন করে জানান, তাকে কারাগারে নেওয়া হয়েছে। ১৫ দিন আগে ফোন করে জানিয়েছিলেন, তিনি জেল থেকে মুক্তি পাবেন কয়েক মাসের মধ্যে।
মঙ্গলবার সকালে সুইটির বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীদের ভিড়। তারা জানতে পেরেছেন, সৌদি কর্তৃপক্ষ সুইটিকে মৃত্যুদন্ড দিয়েছে এবং সম্প্রতি তা কার্যকরও করেছে। সুইটির বাবা বিছানায় শুয়ে রয়েছেন। মা পরিবারের কাজ করছেন। সুইটির বাবা দিন মজুরের কাজ করেন। ফজল মিয়ার ৫ মেয়ের মধ্যে সবার ছোট সুইটি। ৪ বছর আগে ধার-দেনা করে মেয়েকে সৌদি পাঠিয়েছিলেন।
ফজল মিয়া বলেন, ‘দালালের মাধ্যমে সৌদিতে চাকরির জন্য পাঠিয়েছিলাম মেয়েকে। এজন্য দেড় লাখ টাকা ধার করেছিলাম। প্রথম ৫ মাস সে বাড়িতে টাকাও পাঠিয়েছিল। পরে একদিন ফোন করে জানায়, তাকে জেলে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সুইটি জানিয়েছিল, মক্কায় কর্মরত অন্য নারীকর্মীদের সঙ্গে ঝগড়ার পর তাকে ফাঁসিয়ে জেলে দেওয়া হয়েছে। এরপর এক বছর সুইটির খোঁজ পাইনি। ১৫ দিন আগে আবার একদিন মেয়ে জেল থেকে ফোন করে। কিন্তু কোর্টে তার বিচারের কথা বলেনি। শেষদিকে ফোনে জানিয়েছিল, দুই মাস পর জেল থেকে মুক্তি পেতে পারে।’
তবে, দুদিন আগে তারা জানতে পারেন যে সৌদি সরকার সুইটির মৃত্যুদন্ড কার্যকর করেছে। যদিও এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিবারটিকে কিছু জানানো হয়নি।
ফজল বলেন, ‘আমার মেয়ের ভাগ্যে কী ঘটেছে, আমরা জানি না। সে বেঁচে আছে, না মারা গেছে তাও আমরা জানি না। আমরা শুধু মানুষের কাছে উড়ো খবর শুনেছি।’
স্থানীয় মহেরা ইউনিয়নের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, সুইটির বিষয়ে সরকারের কোনো পর্যায় থেকে তাদের কিছু জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন