প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট পক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
একটি প্রতিবাদলিপিতে এ ঘটনার জন্য গভীর ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর রাতে মুসাদ্দেকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরদিন সকালেও সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই রাতে তাঁর ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিবাদলিপিতে এসব হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের দায়ী করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ফ্যাসিবাদী আমলের সংসদ সদস্য এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ফারুক খানের নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, মুসাদ্দেকের বাড়িতে হামলার ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণকারী মানুষের কণ্ঠরোধ করার এবং প্রতিশোধের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার একটি ঘৃণ্য অপচেষ্টা। যারা মনে করছেন, বাড়িঘরে আগুন দিয়ে, ভাঙচুর ও লুটপাট চালিয়ে জুলাইয়ের সংগঠকদের দমিয়ে রাখা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন।
এতে বলা হয়েছে, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি দেশের মানুষের আত্মত্যাগ, সাহস ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। সেই বিপ্লবের সংগঠকদের ওপর হামলা মানে হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষার ওপর হামলা। ভয়ভীতি, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নতুন বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী আচরণ ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।
প্রতিবাদলিপিতে নির্বাচিত সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়েছে, মুসাদ্দেক এবং তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার পেছনে থাকা পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদেরও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, মুসাদ্দেকের পরিবারের নিরাপত্তা, ন্যায়বিচার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।
প্রতিবাদলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সরকার অবিলম্বে এই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে, দেশ রক্ষায় জুলাইয়ের ছাত্র-জনতা যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর পরবর্তী দায়ভার সরকারকেই গ্রহণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন