প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা করতে গিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন এবং মনোয়ার হোসেন সাদ্দাম। তাদের গ্রেপ্তার করা হয় শনিবার রাতে অভিযান চালিয়ে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন চুক্তির ভিত্তিতে জমি দখল ও ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, শনিবার চাঁদ উদ্যানে জমি দখলের ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭, ৩৮০ এবং ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে লিমন ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিমন নড়াইলের লোহাগড়া থানার কুমড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে, যিনি বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের ২৯ নম্বর বাসায় বসবাস করছেন। অন্যদিকে, সাদ্দাম তোবারক হোসেনের ছেলে, যিনি মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় ভাড়া থাকেন।
ওসি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে এর আগে ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী-সদরঘাট বাইপাস সড়কের পাশে মোহাম্মদপুর বেড়িবাঁধের সাতমসজিদ হাউজিং-সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের জায়গায় কয়েকশ লোক হামলা চালায়। হামলার সময় জমিতে থাকা স্থাপনা ও হাউজিংয়ের অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকা, জমির দলিল, এসি, ফ্যান, ল্যাপটপ, জানালা-দরজা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। হামলার পর জমির প্রবেশপথ বাঁশ ও টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন