প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয় এবং এটি বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে। গণনা শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
এবারের নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রকৌশলী নুরুল করিম-রাশেদ এবং প্রকৌশলী মানজারে-মেসবাহ প্যানেলের মধ্যে মূল ভোটযুদ্ধ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রে প্রায় ৩ হাজার ৪০০ প্রকৌশলী ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপির সমর্থিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। সেক্রেটারি পদে রয়েছেন প্রকৌশলী রাশেদ এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সমর্থিত ফোরাম অব ইঞ্জিনিয়ার্স থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম এবং সেক্রেটারি পদে প্রকৌশলী মেজবাহ উদ্দিন। এছাড়াও, চেয়ারম্যান ও সেক্রেটারি পদে আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী নুরুল করিম মন্তব্য করেন, "উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। দুই প্যানেলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজ করছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।"
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। তিনি বলেন, "এতটা উৎসবমুখর পরিবেশে কখনো আইইবিতে ভোটগ্রহণ হয়নি। ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করব।"
জামায়াত সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, "সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রকৌশলীরা বাধাহীনভাবে ব্যালটে তাদের রায় দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এভাবে চলতে থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন