প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ডন জানাচ্ছে, এই পরিস্থিতির প্রভাব পাকিস্তানের পুঁজিবাজারেও পড়েছে। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে দিন শেষে কমেছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) প্রধান সূচক।
এদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আবারও স্পষ্ট করেছেন, সিন্ধু প্রদেশকে ভাগ করার কোনো প্রস্তাব তার দল গ্রহণ করবে না। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান টপলাইন সিকিউরিটিজ লিমিটেড জানাচ্ছে, পাকিস্তানের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। এর ফলে বাজারের ওপর তাদের আস্থা কমে গেছে। প্রধান সূচক কেএসই-১০০ দিনভর চাপের মধ্যে ছিল।
দিনের লেনদেনের এক পর্যায়ে সূচকটি ১ লাখ ৭৭ হাজার ৭১৯ দশমিক ০৫ পয়েন্টে পৌঁছায়। তবে শেয়ার বিক্রির চাপ বাড়লে তা নেমে আসে ১ লাখ ৭৬ হাজার ৫৩ দশমিক ৬৪ পয়েন্টে। দিন শেষে সূচকটি ১ হাজার ২২৩ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ১ লাখ ৭৬ হাজার ২৯৪ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়ায়। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তারা নতুন বিনিয়োগের চেয়ে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে বেশি আগ্রহী।
পাকিস্তানের পুঁজিবাজারে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার সূচককে বাড়াতে সহায়তা করেছে। এর মধ্যে রয়েছে এনগ্রো ফার্টিলাইজার, এমসিবি ব্যাংক, সিনারজিকো পিকে ও ফৌজি ফার্টিলাইজার। এসব প্রতিষ্ঠানের শেয়ার মিলিতভাবে সূচকে ১৯৯ পয়েন্ট যোগ করেছে। অন্যদিকে, এনগ্রো হোল্ডিংস, ইউবিএল, লাকি সিমেন্ট ও মিজান ব্যাংকের শেয়ারের দরপতনে সূচক থেকে মোট ৬০৮ পয়েন্ট কমেছে। আগের দিনের তুলনায় শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। দিন শেষে মোট ৭৪ কোটি ২০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১ দশমিক ৫৭ শতাংশ কম। তবে লেনদেনের মোট আর্থিক পরিমাণ ২৮ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ২ হাজার ৫৯৭ কোটি পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে।
আরিফ হাবিব লিমিটেডের লেনদেন বিভাগের উপপ্রধান আলী নাজিব জানিয়েছেন, লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই সূচক ৯০০ পয়েন্টের বেশি কমে যায়। এরপর পুরো দিনই বাজারে দরপতনের চাপ ছিল। বিভিন্ন খাতের শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীরা বিনিয়োগ কমিয়েছেন। তিনি আরও বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছিল। বিশেষ করে নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের আলোচনা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থায় ঘাটতি দেখা দিয়েছে।
পাকিস্তানের পুঁজিবাজারে চাপের আরেকটি কারণ আন্তর্জাতিক পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য ও স্থাপনার ওপর হামলার জবাবে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এতে আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এর প্রভাবও পাকিস্তানের পুঁজিবাজারে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন