প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। একাধিক সেবাপ্রার্থী জানিয়েছেন, ভূমিসংক্রান্ত সেবা নিতে গিয়ে দালালের মাধ্যমে কাজ করাতে হচ্ছে তাদের।
সেবাপ্রত্যাশীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফি ও নিয়মের বাইরে অতিরিক্ত টাকা না দিলে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফাইলের দিকে হাত দেন না। ফলে বাধ্য হয়ে তাদের চড়া দামে দালালদের কাছে যেতে হয়। তারা জানান, দালালের মাধ্যমে দরদাম করে টাকা বুঝিয়ে দিলে কাজ দ্রুত সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরবাদাম ইউনিয়ন ভূমি অফিসের চারপাশে প্রায় এক ডজন ব্যক্তি নিয়মিত দালালি করেন। ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খারিজ, খতিয়ান, দাখিলা, জমির বিভিন্ন কাগজপত্র সংগ্রহসহ নানা কাজে সেবাপ্রত্যাশীদের দালালদের সঙ্গে যোগাযোগ করতে হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চরবাদাম ইউনিয়ন ভূমি অফিসের বাইরে অনেক সেবাপ্রার্থী অপেক্ষা করছেন। ভূমি কর্মকর্তা মোবারক হোসেনের রুমে তালা মারা ছিল।
এ সময় একাধিক সেবাপ্রার্থী দাবি করেন, তাদের মধ্যে ডজন খানেক দালাল রয়েছে। অফিসের ভেতরে এমরান হোসেন নামের এক অফিস সহায়ককে দেখা যায়, যিনি দালালদের কাছ থেকে কাগজপত্র ও টাকা বুঝিয়ে নিচ্ছেন।
ভূমি কর্মকর্তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে দুইজন দালাল বলেন, “উনি মন চাইলে আসেন, মন না চাইলে আসেন না। তবে বাসায় বসে কাজ করেন। মাঝে মাঝে এসে হাজিরাখাতায় স্বাক্ষর করে দুই-চার ঘণ্টা পর খরচসহ কাগজপত্র নিয়ে বাসায় চলে যান।”
এদিকে, দীন-মোহাম্মদ, দুলাল, সুলতান ও মোহাম্মদুল্লাহসহ কয়েকজন ব্যক্তি সাংবাদিক আসছে শুনে দ্রুত সেখান থেকে সরে পড়েন। তারা দালাল বলে জানান উপস্থিত একাধিক ব্যক্তি।
জানা গেছে, উপজেলার চরবাদাম ও চরপোড়াগাছা দুই ইউনিয়ন মিলে একটি মাত্র ভূমি অফিস রয়েছে। এ দুই ইউনিয়নে বেশকিছু খাস জমি রয়েছে। ওই খাস জমি ঘিরে রমরমা বাণিজ্য ভূমি অফিসে চলছে। খাস জমির দখল বুঝিয়ে দেওয়া ও রশিদ কাটার নামে বেপরোয়া বাণিজ্য চলছে এ অফিসে। ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য সেবাপ্রার্থীরা এলে তাদের ২০ থেকে ৩০ বছরের বকেয়ার হিসাব দেওয়া হয়। পরে তাদের সঙ্গে দরদাম (চুক্তি) করা হয়।
চুক্তি অনুযায়ী, টাকা নিয়ে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার একটি খাজনার দাখিলা ধরিয়ে দেওয়া হয়- এমন অভিযোগ চরবাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকার বাসিন্দা আবদুর রশিদের। তিনি জানান, তার সাড়ে চার একর জমির ১৮ বছরের বকেয়া হিসাবে ৫৫ হাজার টাকার খাজনা আসে। পরে সেখান থেকে কাটছাট করে ২৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। ওই টাকা নিয়ে তহসিলদার তাকে পাঁচ হাজার টাকার একটি খাজনার দাখিলা ধরিয়ে দেন।
হারুন বাজার এলাকার জহিরুল হক বলেন, জমা খারিজের সরকার নির্ধারিত ফি ১১৭০ টাকা হলেও তিনি দালালের মাধ্যমে ১২ হাজার টাকা দিয়ে জমা খারিজ সম্পন্ন করেন।
এছাড়া জমিজমা বিরোধ নিয়ে আদালতের মামলার তদন্ত প্রতিবেদন দিতে দুই পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগ করেন মামলার দুজন বাদী। নাম প্রকাশে অনিচ্ছুক মামলার একজন বাদীর দাবি, একটি মামলায় তদন্ত প্রতিবেদন দিতে তহশিলদারকে তিনি ২০ হাজার টাকা দিয়ে তারপক্ষে প্রতিবেদন নেন।
আরেকজনের অভিযোগ, তিনি চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় প্রতিবেদন তার বিরুদ্ধে দেন তহশিলদার মোবারক।
ভুক্তভোগী দাবি করা কয়েকজনের ভাষ্য, সরাসরি ভূমি অফিসে গিয়ে সেবা নিতে গেলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। অথচ পরিচিত দালালের মাধ্যমে গেলে দ্রুত কাজ হওয়ার আশ্বাস মেলে। এ কারণে অনেকে বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হন।
ভূমি অফিসে দালালনির্ভরতার অন্যতম কারণ হিসেবে স্থানীয় ভূমি-প্রক্রিয়া, সাধারণ মানুষের ভূমি আইন সম্পর্কে সীমিত ধারণা এবং অফিসে তথ্যপ্রাপ্তির অসুবিধার কথা বলছেন অনেকে। ফলে একটি শ্রেণি সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যস্থাকারী হিসেবে কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন।
সেবাপ্রার্থী মো. মাহফুজুর রহমান বলেন, “যখনই অফিসে আসি, তখন শুনি কর্মকর্তা নেই। অফিস সহায়ক এমরান অফিসকে বাণিজ্যের আখড়ায় পরিণত করেছেন। সকালে খালি পকেটে এসে বিকেলে পকেট ভরে টাকা নিয়ে যাচ্ছেন তিনি। অথচ এসব দেখার কেউ নেই।”
আরেক সেবাপ্রার্থী ইয়াছিন বলেন, “ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দালাল নিয়োগ করা হয়েছে। তারা দালালদের কাজ আগে করেন। এজন্য মানুষ দালাল ধরে।” তিনিও ১১৭০ টাকার একটি জমাখারিজ ১০ হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে সম্পন্ন করেন বলে জানান ইয়াছিন।
তবে এসব অভিযোগ স্বীকার করে অফিস সহায়ক এমরান হোসেন বলেন, “আগে দালাল আরো বেশি ছিল। এখন তো অনেক কম।” অতিরিক্ত টাকা নেওয়ার বিষয় তিনি বলেন, “টুকটাক কিছু না নিলে আমরা চলবো কীভাবে?”
দালালদের দৌরাত্ম্য ও ঘুষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরবাদাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, “আগের তুলনায় দালাল এখন কম। সব তাড়িয়ে দেবো। কাজ করে দিলে মানুষ খুশি হয়ে আমাদের কিছু দেয়। আপনি এসে চা খেয়ে যাবেন কিন্তু।”
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন বলেন, “ওই ভূমি অফিসের অনিয়ম সম্পর্কে আমিও বিভিন্ন মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন