প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার দুই বছর পূর্ণ হচ্ছে আজ ২৬ নভেম্বর। কিন্তু এখনও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়নি। ৪৯ সাক্ষীর মধ্যে মাত্র চারজন সাক্ষ্য দিয়েছেন। বাকি সাক্ষীদের সাক্ষ্য, জেরা, যুক্তিতর্ক ও রায় কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিচারপ্রক্রিয়ার ধীরগতিতে বাদীপক্ষ ও আইনজীবীরা হতাশ। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হতে এক যুগও লেগে যেতে পারে।
২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই ঘটনার পর আদালতপাড়া ও আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মেথরপট্টি এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এই ঘটনার পর তার বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আরও একজনকে আসামি করা হয়। ৩৯ আসামির মধ্যে চিন্ময় দাশসহ ২৭ জন কারাগারে রয়েছে এবং ১২ জন পলাতক। ২০২৫ সালের ১৯ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও আলিফের বন্ধু রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় গেজেট প্রকাশ না হওয়ায় সেখানে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। বাদী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আবেদন করলেও এখনো সিদ্ধান্ত আসেনি।
তিনি আরও বলেন, চার সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও জেরা এখনও শেষ হয়নি। বাকি ৪৫ জনের সাক্ষ্য ও জেরা, যুক্তিতর্ক এবং রায় এখনও বাকি রয়েছে। চিন্ময় দাশের পক্ষের আইনজীবীরা একের পর এক সময়ের দরখাস্ত দিয়ে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন বলেন, তিনি জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে চান। তার আর কোনো চাওয়া নেই।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আজাদ জানান, দুই বছরেও বিচারপ্রক্রিয়া আশানুরূপ এগোয়নি। দীর্ঘ বিরতিতে শুনানি হচ্ছে। তারা দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চান।
এদিকে, আলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম। অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির অডিটরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় আলিফ হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন