প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং আশেকে রাসূল।
১২ রবিউল আউয়াল, বুধবার সকালে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-কাদরীর নেতৃত্বে জশনে জুলুছ বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণের পর জুলুছটি স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
জুলুছ পরবর্তী আলোচনা সভায় ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী মন্তব্য করেন, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের কর্মসূচি ও জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানগুলি প্রমাণ করে যে, এ রাষ্ট্র ঈদে মিলাদুন্নবী চায়।
তিনি আরও বলেন, “যারা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করতে বাধা সৃষ্টি করতে চায়, তাদের মনে রাখতে হবে—সুন্নী জনতা তাদের ধর্মীয় অধিকার ও বিশ্বাসের বিষয়ে সচেতন। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, সুন্নী জনতাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করবেন না।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবতার কল্যাণে তাঁর শিক্ষা এবং তা দৈনন্দিন জীবনে অনুসরণের আহ্বান জানান।
সভাটি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-কাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় নাসিরপুর সাহেববাড়ীর গদিনিশীন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আল-কাদরী, পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া, মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল-হোসাইনী, মুফতি খন্দকার নজরুল ইসলাম, পীরজাদা সৈয়দ আবু নৌশাদ, হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জশনে জুলুছের সময় হামদ-নাত, দরুদ-সালাম ও ধর্মীয় স্লোগানে নাসিরনগর উপজেলা সদর উৎসবমুখর হয়ে ওঠে। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়সী মানুষ ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সুন্নিয়াত প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আল-কাদরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন