প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাওয়াজা অভিযোগ করেছেন যে, ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের সময় লর্ডসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে তিনি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সদস্যের কাছ থেকে বর্ণবাদী গালির শিকার হয়েছিলেন।
এই ঘটনা ঘটে যখন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোকে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি বিতর্কিতভাবে স্টাম্পড করেন। খাওয়াজা সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে এমসিসি সদস্যদের আচরণকে "কুকুরের পালের মতো" বলে উল্লেখ করেছেন।
মধ্যাহ্নভোজের বিরতির সময়, টেলিভিশনের ফুটেজে দেখা যায় যে, খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার কয়েকজন দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ঘটনার পর এমসিসি একজন সদস্যকে বহিষ্কার করে এবং আরও দুজনকে সাময়িক বরখাস্ত করে। তদন্তে প্রমাণিত হয় যে, তারা "অপমানজনক, আক্রমণাত্মক বা অনুপযুক্ত আচরণ ও ভাষা" ব্যবহার করেছিল। একজনকে সাড়ে চার বছরের জন্য এবং অন্যজনকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
খাওয়াজা জানান, তিনি এক ব্যক্তিকে চিৎকার না করতে বলেছিলেন, কিন্তু এরপর আরেকজন ব্যক্তি তাকে বর্ণবাদী মন্তব্য করে বসেন।
আত্মজীবনীতে খাওয়াজা লিখেছেন,
"আমরা বুঝতেই পারিনি লং রুমে আমাদের জন্য কী অপেক্ষা করছিল। দুর্ভাগ্যজনকভাবে, সেদিন এমসিসি সদস্যরা তাদের প্রকৃত চেহারা দেখিয়েছিল।
আমরা সব সময় এমসিসি সদস্যদের খুব সম্মান করতাম। তারা সাধারণত ভদ্র, শান্ত এবং ক্রিকেটপ্রেমী মানুষ। আপনি শতরান করুন কিংবা শূন্য রানে আউট হন, তারা একইভাবে হাততালি দিত। তাদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের।
এখনও তাই, কিন্তু সেদিনের ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে তারা হয়তো অন্যদের থেকে খুব আলাদা নয়। কারণ ক্রিকেট ও লর্ডস যখন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভদ্রতা প্রত্যাশা করছিল, তখন তারা সুবিধাভোগী মাতালদের এক দলে পরিণত হয়েছিল, যারা মাত্র এক মিটার দূর থেকে আমাদের দিকে চিৎকার করছিল।
তারা যেন শিকারের অপেক্ষায় থাকা কুকুরের পালের মতো ছিল। সবাই একসঙ্গে গালিগালাজ করছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি কী শুনছি।"
খাওয়াজা আরও দাবি করেন, একজন সদস্য তার মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, থুতু ছিটাচ্ছিলেন এবং আরেকজন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় তাকে ও ওয়ার্নারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন।
"সে পা বাড়িয়ে দিচ্ছিল, যেন আমরা সিঁড়িতে পড়ে যাই। ডেভি (ওয়ার্নার) প্রথমে তাকে ধমক দিয়েছিল, তাই ভেবেছিলাম লোকটি আর এমন করবে না।
কিন্তু আমি যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম, তখন সে আমার সঙ্গেও একই কাজ করার চেষ্টা করল!
সিঁড়ির ওপরে উঠে দেখি, ড্রেসিংরুমের কাছে অনেক সদস্য আমাদের জন্য অপেক্ষা করছে। বিস্ময়ে আমি হাসলাম, দুই হাত তুলে বললাম, 'এটা কি লর্ডস, নাকি চিড়িয়াখানা?'"
আত্মজীবনীতে খাওয়াজা আরও দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বল টেম্পারিংয়ের জন্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানত।
৩৯ বছর বয়সী খাওয়াজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্টে তিনি ৬ হাজার ২২৯ রান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন