প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিক্যাল সেন্টার প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার জন্য অন্যতম ভরসাস্থল। তবে চিকিৎসকসংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা এবং সহযোগী জনবলের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।
মেডিক্যাল সেন্টার সূত্রে জানা যায়, দেড় বছর আগে সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে সেখানে মাত্র তিনজন চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে সকালে দুজন এবং বিকেলে একজন দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয়। শুক্রবার মেডিক্যাল সেন্টার বন্ধ থাকে। এর পাশাপাশি, আগে কর্মরত দুজন খণ্ডকালীন চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ওষুধ দিয়েই চিকিৎসা শেষ করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য গাইনি চিকিৎসকের বিশেষায়িত সেবাও বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তির অভিযোগ রয়েছে।
এদিকে, গত ২৩ জুলাই গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের মৃত্যুর ঘটনায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। সে সময় তাকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম জানিয়েছেন, মেডিক্যাল সেন্টারের জনবল ও অবকাঠামোগত ঘাটতি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী নিয়োগ, ইনডোর সেবা চালু এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো জানান, নারী রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন