প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর, বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর একটি অভিযান চলাকালে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া নিহত হন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দেশটির রাজধানী লুসাকায় এই অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি বন্দুকযুদ্ধে কাফওয়ায়া গুলিবিদ্ধ হন।
পরে, তিনি মারা গেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাম্বিয়ার কর্তৃপক্ষের অভিযোগ, মুন্ডুবিলের দল এনআরপিইউপি ‘বিদ্রোহী তৎপরতা’ এবং ‘মিলিশিয়া কার্যক্রমের’ সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র মজুদ রয়েছে।
তবে, মুন্ডুবিল এসব অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বর্তমানে আত্মগোপনে থাকছেন।
সরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। মুন্ডুবিল ৩৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।
তবে, ভোট গণনায় কারসাজির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার কাফওয়ায়ার সম্পর্কে কথা বলার সময়, মুন্ডুবিলে জানান যে অভিযানের সময় গুলিবিদ্ধ হওয়ার পর সাবেক এই মন্ত্রীর অবস্থান সম্পর্কে তিনি আর কোনো তথ্য পাননি। তার দাবি, অভিযানের সময় তার বাড়িতেই অভিযান চালানো হয়েছিল।
বুধবার রাতে কাফওয়ায়ার মৃত্যুর বিষয়ে পুলিশ নিশ্চিত করে জানান, যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখে তারা পাল্টা গুলি চালায়। এর ফলে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হন এবং ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পরে, পরিবারের সদস্যরা নিহত ব্যক্তিকে ৪৯ বছর বয়সী কাফওয়ায়াকে শনাক্ত করেন।
কাফওয়ায়া ২০১৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট এডগার লুঙ্গু তাকে গণপূর্তমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরের বছর তিনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০২১ সালে লুঙ্গু নির্বাচনে হিচিলেমার কাছে পরাজিত হওয়ার পরও কাফওয়ায়া বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও বিভিন্ন উদ্বেগের কথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন জানায়, নির্বাচনের আগে বিরোধীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ একটি ‘অসম প্রতিযোগিতা’র পরিবেশ তৈরি করতে পারে।
ইইউর বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টা বিরতির পর ভোট গণনা পুনরায় শুরু হলে ফলাফল সংকলনের প্রক্রিয়া ‘উল্লেখযোগ্যভাবে অবনতি’ ঘটে। নির্বাচন কমিশন তাদের কর্মীদের ওপর সহিংসতা ও ব্যালট বাক্স চুরির অভিযোগ তুলে গণনা স্থগিত করেছিল।
পর্যবেক্ষকেরা আরও জানান, অনেক গণনা কেন্দ্রে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তা ট্যালি শিটে লিপিবদ্ধ করা হয়নি। ডিজিটাল তথ্যের সঙ্গে কাগজের রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রেও দুর্বলতা দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে কর্মকর্তারা নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্দেশনার অপেক্ষায় কার্যক্রম স্থগিত রাখেন।
নির্বাচনকেন্দ্রগুলোতে সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিকেও পর্যবেক্ষকেরা উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। কিছু গণনা কেন্দ্রে হামলার খবর পাওয়ার কথাও জানিয়েছেন তারা।
নির্বাচনের ফলাফলের ওপর সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইইউ পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে, নির্বাচনের সময় গ্রেপ্তার ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর যেসব ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাম্বিয়ার মানবাধিকার কমিশন।
আইনগত সময়সীমার বেশি কাউকে আটক রাখা হলে তাদের আদালতে হাজির করা অথবা মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কমিশন। পাশাপাশি, বেআইনি আটক ও নিখোঁজ হওয়ার অভিযোগের স্বাধীন তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন