প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এই আদেশ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হয়ে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গালুয়া বাজার ও তার সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, গালুয়া বাজার ও তার সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার, এবং নির্ধারিত এলাকার মধ্যে পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে।
জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠিতে রাজাপুর পৌরসভা গঠন এবং গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাবের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা দেয়।
গালুয়া ইউনিয়নের অখণ্ডতা রক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গালুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রচারপত্রে ইউনিয়ন বিভক্তির উদ্যোগ বাতিল, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গালুয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, বৃহত্তর পুটিয়াখালীকে ৭ নম্বর ইউনিয়ন ঘোষণার দাবিতে একই দিন বিকেল ৩টায় গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বৃহত্তর পুটিয়াখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানিয়েছেন, গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাব নিয়ে একই স্থানে পক্ষে-বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনে প্রশাসনের কোনো বাধা নেই। তবে একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন