প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা নারীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওই নারীর বিষয়ে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ওই নারী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করে প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এ বিষয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে গোপন একটি মেমো প্রস্তুত করেছিলেন।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের বসন্তে রুবিও একটি অত্যন্ত গোপনীয় মেমো তৈরির কাজ তদারকি করেন। ওই মেমোতে উল্লেখ করা হয়, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, অ্যালিস চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন।
মার্কিন গোয়েন্দাদের ইলেকট্রনিক নজরদারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মেমোটি তৈরি করা হয়েছিল, যা সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের ওপর কেন্দ্রিত। উল্লেখ্য, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা মনে করেন, অ্যালিসকে নিয়োগ করা হয়েছিল জেনসেন হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে, যা চীনের একটি গোয়েন্দা অভিযান হতে পারে। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে গোপন নথিতে সতর্ক করা হয়েছিল।
জেনসেন হুয়াং চীনে উন্নত প্রযুক্তির এআই চিপ রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিরোধিতা করে আসছিলেন। তার যুক্তি ছিল, মার্কিন প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া উচিত।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ট্রাম্পের চীন সফরের আগে উচ্চপর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র থাকা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মেমোটি বিতরণ করা হয়। বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও, ট্রাম্পের চীন সফরের প্রতিনিধি দলে জেনসেন হুয়াংকে রাখা হয়নি। তবে গোয়েন্দা সতর্কতার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
পরে গণমাধ্যমে হুয়াংয়ের সফরসঙ্গী না হওয়ার বিষয়টি প্রকাশিত হলে ট্রাম্প নিজেই তাকে প্রতিনিধি দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আলাস্কায় যাত্রাবিরতির সময় ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানে হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর তারা একসঙ্গে চীন সফরে যান।
এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন গোয়েন্দাদের নজরদারি এবং চীনা গোয়েন্দাদের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সন্দেহভাজন সম্পর্কের বিষয়ে প্রায় এক বছর আগে ট্রাম্পকে অবহিত করা হয়েছিল। অ্যালিসের সঙ্গে যোগাযোগ রাখা এক মার্কিন নাগরিকের পরিচয় শনাক্ত করতে গিয়ে জেনসেন হুয়াংয়ের নাম সামনে আসে।
গত রোববার ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, জেনসেন হুয়াংকে চীন সফরের প্রতিনিধি দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি অনুতপ্ত নন। হুয়াংকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে তার দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানান তিনি।
এদিকে জেনসেন হুয়াং তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ড তাকে এবং আমাদের সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি তার কোনো অজুহাত হয় না। আমি গভীরভাবে দুঃখিত।’
এনভিডিয়া জানিয়েছে, বিষয়টি নিয়ে তাদের পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ তারা খুঁজে পায়নি। তদন্তে হুয়াং সহযোগিতা করবেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে সোমবার ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অনুসন্ধান করছে। তিনি বলেছেন, হুয়াং তাকে জানিয়েছেন, ওই নারী যে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের দিকে অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিড বিপুল পরিমাণ উন্নত এনভিডিয়া এআই চিপ কেনা শুরু করে। ওই সময় তাইপেতে একটি অনুষ্ঠানে অ্যালিস ও জেনসেন হুয়াংকে একসঙ্গে দেখা যায়।
মেগাস্পিড প্রায় ২০০ কোটি ডলারের এনভিডিয়া পণ্য কিনেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেটা সেন্টার পরিচালনা করে এবং চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এই ব্যবস্থার মাধ্যমে পরোক্ষভাবে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উন্নত চিপ চীনে পৌঁছানো হয়ে থাকতে পারে।
এ ছাড়া এআই চিপ শিল্পের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এনভিডিয়ার সুপারকম্পিউটার সংযোজনকারী প্রতিষ্ঠান গিগাবাইটের কর্মকর্তারাও রয়েছেন।
তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এসব গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে এসব অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেছে তারা। অন্যদিকে, অ্যালিস হুয়াং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন