প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন বর্তমানে একটি গভীর জনসংখ্যাগত সংকটের দিকে ধাবিত হচ্ছে। বৃদ্ধ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, জন্মহার কমে যাচ্ছে এবং তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাজনৈতিক স্থবিরতা এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্রমবর্ধমান একক নেতৃত্বও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
চীনবিষয়ক গবেষক কার্ল মিনজনার এসব পরিস্থিতির সম্মিলিত প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, মধ্য একবিংশ শতাব্দীতে চীন আরও দুর্বল, অনমনীয় ও ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হতে পারে। ‘ফরেন অ্যাফেয়ার্স’ সাময়িকীতে প্রকাশিত ‘চায়নাস লং টোয়াইলাইট’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, ২০২১ সালে চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটিতে পৌঁছায় এবং এরপর থেকে এটি কমতে শুরু করে। বর্তমানে প্রতিবছর দেশটির জনসংখ্যা ৩০ থেকে ৪০ লাখ করে কমছে, যা লস অ্যাঞ্জেলেস শহরের জনসংখ্যা হারানোর সমান।
মিনজনারের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে চীনের মানুষের মধ্যম বয়স ৫০ বছরে পৌঁছাতে পারে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। শতাব্দীর মাঝামাঝি নাগাদ এ হার বেড়ে ৩০ শতাংশ হতে পারে, এবং শতাব্দীর শেষভাগে তা ৪০ থেকে ৫০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
চীনের জন্মহার কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন মিনজনার। সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধি, নারীদের কর্মজীবনের আকাঙ্ক্ষা, বিয়েতে অনাগ্রহ এবং রক্ষণশীল সামাজিক কাঠামো এর মধ্যে অন্যতম। পূর্ব এশিয়ার দেশগুলোতে বিয়ের বাইরে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা খুব কম, ফলে তরুণদের বিয়ের হার কমে যাওয়ায় জন্মহার আরও নিচে নেমেছে।
১৯৮০-এর দশকে চীন এক সন্তান নীতি চালু করে। পরে ২০১৬ সালে দুই সন্তান এবং ২০২১ সালে সন্তান জন্মদানে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মাতৃত্বকালীন ছুটি, শিশু পরিচর্যাকেন্দ্র ও আর্থিক প্রণোদনা চালু করেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
মিনজনারের মতে, সমস্যার বড় অংশ হলো রাজনৈতিক নেতৃত্বের বাস্তবতা অনুধাবনে ব্যর্থতা। তরুণদের কর্মসংস্থান, আবাসন ব্যয় ও নারীদের সামাজিক অবস্থানের মতো বিষয়গুলো সমাধানের বদলে সরকার অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদ ও রক্ষণশীল পারিবারিক মূল্যবোধকে উৎসাহিত করছে।
তিনি আরো বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান অভিবাসী শ্রমিক এনে বয়স্ক মানুষের পরিচর্যা ও শ্রমিকসংকট মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু চীনে বিদেশি অভিবাসী গ্রহণের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বাধা রয়েছে। শহর ও গ্রামের মানুষের পেনশন ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বৈষম্যও লক্ষ্য করা যাচ্ছে।
মিনজনারের আশঙ্কা, জনসংখ্যা সংকট ও রাজনৈতিক স্থবিরতা একসঙ্গে চীনের সামাজিক অসন্তোষ বাড়াতে পারে। এর ফলে দেশটির বৈদেশিক নীতি ও কমিউনিস্ট পার্টির ক্ষমতার স্থায়িত্বে প্রভাব পড়তে পারে। তিনি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছেন, অভিবাসনবিরোধী ও আত্মকেন্দ্রিক নীতি গ্রহণ করলে একই ধরনের জনসংখ্যাগত সংকট দেশটির জন্যও আরো জটিল হয়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন