প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) একক মোটর প্রদর্শনী ‘বারভিডা এক্সপো ২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রদর্শনীর সূচনা হয়েছে, যেখানে প্রথম দিন থেকেই গাড়িপ্রেমী ও সম্ভাব্য ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এই তিন দিনব্যাপী আয়োজন চলবে।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে দেখা যায়, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের আকর্ষণীয় গাড়িগুলো সারি সারি সাজানো রয়েছে। হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল (ইভি) থেকে শুরু করে আধুনিক সুবিধাসম্পন্ন সেডান, এসইউভি ও মাইক্রোবাস—সব মিলিয়ে রয়েছে গাড়ির বৈচিত্র্যময় সমাহার। প্রতিটি স্টলে গাড়ির বৈশিষ্ট্য তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন বিক্রয় প্রতিনিধিরা।
বিক্রয় প্রতিনিধিরা দর্শনার্থীদের গাড়ির পারফরম্যান্স, জ্বালানি সাশ্রয়, নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মেলা উপলক্ষে অংশগ্রহণকারী ডিলার প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় ও গিফট ভাউচারের ব্যবস্থা রেখেছে।
এছাড়া মেলা প্রাঙ্গণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টলও রয়েছে। সেখান থেকে সম্ভাব্য ক্রেতারা গাড়ি কেনার ঋণ ও বীমাসংক্রান্ত সুবিধা সম্পর্কে জানতে পারছেন। ফলে পছন্দের গাড়ি দেখা থেকে শুরু করে অর্থায়নের বিষয়ে প্রয়োজনীয় তথ্যও এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মেলায় চাকরিজীবী, ব্যবসায়ী ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ পছন্দের গাড়ির ভেতর-বাইরের নকশা ও সুযোগ-সুবিধা যাচাই করছেন, কেউ আবার একাধিক ব্র্যান্ডের গাড়ির দাম ও বৈশিষ্ট্য তুলনা করছেন।
দর্শনার্থীদের মতে, একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি দেখা এবং সেগুলোর দাম ও সুযোগ-সুবিধা যাচাই করার সুযোগ ক্রেতাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বারভিডার মহাসচিব রিয়াজ রহমান বলেন, "বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা শুধু আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সরকারের রাজস্ব আয়ও জড়িত।"
বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম জানান, দেশের বিভিন্ন এলাকার আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে এক্সপোতে অংশ নিচ্ছে। এতে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি দেখার পাশাপাশি বিভিন্ন মডেলের তুলনা করার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ ঐতিহাসিক আয়োজন। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মডেল এবং অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন তুলে ধরা হচ্ছে। পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়ির ইতিহাসও স্থান পেয়েছে এ আয়োজনে।
আয়োজকদের প্রত্যাশা, এ এক্সপোর মাধ্যমে দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজার আরও গতিশীল হবে। একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে এবং দেশের অটোমোবাইল খাতের সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব আরো বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।
বারভিডা আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। প্রবেশে কোনো ফি নেই, তবে দর্শনার্থীদের নিবন্ধন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন