প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের গাংনীতে দুটি পৃথক স্থানে পুলিশ লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। এর মধ্যে পাঁচটির গায়ে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এবং বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দুটি আলাদা স্থানে এই বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর মার্কেটের সামনে স্থানীয়রা তিনটি বোমাসদৃশ বস্তু দেখতে পান, যেগুলো লাল টেপে মোড়ানো ছিল। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। উদ্ধার করা তিনটি বস্তুর গায়ে ‘জয় বাংলা’ লেখা ছিল।
অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারের কাছের একটি সেতুর ওপর থেকে আরও তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে এগুলো সেখানে ফেলে যায়। খবর পেয়ে বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে গাংনী থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করেন। বলতলা বাজার থেকে উদ্ধার হওয়া তিনটি বস্তুর মধ্যে দুটির গায়ে ‘জয় বাংলা’ লেখা ছিল।
একই রাতে ও সকালে পৃথক দুটি স্থান থেকে এসব বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো আসলেই বোমা কি না, তা খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন