প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের একটি সংঘাতপূর্ণ অঞ্চলে বিয়ের আয়োজন চলাকালীন সময়ে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকার একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে হামলার পর রক্তাক্ত আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। স্থানীয় গ্রামবাসীদের তোলা ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা যায়, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। তবে এএফপি ছবির এবং ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
হামলার শিকার এলাকাটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি কাছাকাছি বিমান ওড়ার শব্দ শুনেছিলাম, কিন্তু ভাবিনি তারা আমাদের এলাকায় বোমা ফেলবে। আমি ঘরের ভেতরে যাওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ পাই এবং বিমান হামলার জায়গায় প্রচুর ধোঁয়া দেখতে পাই।’
তিনি আরও জানান, বাস্তুচ্যুত দুজন মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল এমন একটি বাড়িতে বোমাটি আঘাত হানে। বিস্ফোরণের পর তিনি সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে ১৭টি মরদেহ ও বহু আহত মানুষকে পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-এর তথ্যমতে, এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সব পক্ষ মিলিয়ে ১ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন