প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে অ্যালান ওয়াকারকে ঘিরে পাকিস্তানের গান ‘আলফাজ’ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে নরওয়েজীয়-ব্রিটিশ সংগীত প্রযোজক অ্যালান ওয়াকার সম্প্রতি পাকিস্তানের লাহোরে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি গানটির শিল্পী হামজা মালিক ও জাইন-জোহাইবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর থেকেই নতুন সংগীত আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনার শুরু ‘আলফাজ’ গানের একটি মিউজিক ভিডিও থেকে। ভিডিওতে গায়কদ্বয়ের পেছনে মুখোশ পরা একটি ব্যক্তিকে দেখে অ্যালান ওয়াকার তার পরিচিত পোশাকের সঙ্গে মিল খুঁজে পান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে মন্তব্য করেন, "ভিডিওতে এই ওয়াকার কে? তবে ভিডিওটি দারুণ।"
হামজা মালিক অ্যালান ওয়াকারের সেই মন্তব্যের উত্তর দেন। ইউটিউবে তিনি লেখেন, "ধন্যবাদ! ওয়াকার এখনো রহস্য হয়েই থাকুক, তবে হয়তো আমরা একসঙ্গে সেই রহস্যের সমাধান করতে পারি।" এরপর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।
অ্যালান ওয়াকার বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে জানান, হামজা তার মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গানটি সর্বত্র শোনা যাচ্ছে এবং লাহোরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করতে চান। পরে লাহোরে পৌঁছে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি সংগীতশিল্পীদের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করেন।
এছাড়া, লাহোর ফোর্টের সামনে একটি রহস্যময় বাক্স হাতে নিয়ে ‘আলফাজ’ গানের আবহে একটি ভিডিও প্রকাশ করেন অ্যালান ওয়াকার। সেখানে তিনি ‘আরও কিছু আসছে’ বলেও ইঙ্গিত দেন। হামজা মালিক অ্যালান ওয়াকারকে ‘আলফাজ’ লেখা একটি শাল পরা অবস্থায় ছবিতে তুলে ধরেন এবং নতুন চমকের আভাস দেন। অ্যালান ওয়াকার স্টুডিওতে একসঙ্গে কাজ করার ছবিও প্রকাশ করেছেন।
সব মিলিয়ে নতুন সংস্করণে ‘আলফাজ’ আসছে, নাকি শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একেবারে নতুন কোনো গান, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো গানের নাম কিংবা প্রকাশের তারিখ ঘোষণা করেননি। অ্যালান ওয়াকারের এই সফর পাকিস্তানি সংগীতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন