প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র নেতা সৌরভ দাসকে লন্ডনগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, যুক্তরাজ্যের কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নিয়ে বক্তব্য দেয়ার জন্য তার যাত্রা পরিকল্পনা ছিল, কিন্তু দিল্লি বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কয়েক মাসের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছেছে।
২৭ বছর বয়সী সৌরভ দাস সংগঠনটির অন্যতম মুখ। গত মাসে দিল্লিতে নিরাপত্তা বাহিনীর বিধিনিষেধ অমান্য করে বিক্ষোভে অংশ নেয়ার কারণে তাকে আটক করা হয়। ওই বিক্ষোভ ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সৌরভ দাসের লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তাকে জানান যে, তার পাসপোর্টে নিষেধাজ্ঞা বা বিশেষ নজরদারির নির্দেশ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সৌরভ দাস বলেন, ‘এই ভীতু সরকার আমাকে লন্ডনগামী ফ্লাইটে উঠতে দেয়নি। অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে ককরোচ আন্দোলন নিয়ে বক্তব্য দেয়ার আমন্ত্রণ পেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় শিক্ষার্থীরা অনুষ্ঠানগুলো আয়োজন করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এই বুদ্ধিবৃত্তিবিরোধী সরকার আমাকে এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যেতে দিতে ভয় পেয়েছে।’ আগামী ১ ডিসেম্বর বিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নে তার বক্তব্য দেয়ার কথা ছিল।
গত জুলাইয়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই আন্দোলনের ফলে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য পিছু হটার একটি বিরল নজির হিসেবে দেখা হচ্ছে।
২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে বলে অভিযোগ করে আসছেন সমালোচকেরা।
চলতি মাসের শুরুতে বিরোধী দল কংগ্রেস আয়োজিত একটি গণতন্ত্রবিষয়ক সম্মেলনে অংশ নিতে ১০০ জনের বেশি বিদেশি বক্তাকে ভিসা দেয়নি ভারত। তাদের মধ্যে ছিলেন নরওয়ের এক সাংবাদিক, যিনি এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করেছিলেন।
এ ছাড়া ২০২২ সালে ভারত-শাসিত কাশ্মীরের পুরস্কারজয়ী আলোকচিত্রী সান্না ইরশাদ মাত্তুকেও যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাধা দেয়া হয়েছিল। পুলিৎজার পুরস্কার গ্রহণ করতে সেখানে যাওয়ার কথা ছিল তার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন