প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল বা স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণমুক্ত রোগ হিসেবে ২০০০ সাল থেকে বিবেচনা করা হচ্ছিল, যা ব্যাপক টিকাদান কর্মসূচির ফলস্বরূপ। তবে, দীর্ঘ সময় পর দেশটি আবারও সেই স্বীকৃতি হারিয়েছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) মহাপরিচালকের কাছে প্রতিবেদন দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সিএনএনকে এই তথ্য জানিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও এ খবর প্রকাশ করেছে।
বছরের পর বছর টিকাদানের হার কমে যাওয়া এবং হামে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্তের আশঙ্কা আগে থেকেই ছিল। তবুও, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যনীতির জন্য এটি একটি বড় ধরনের ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির নিয়ম অনুযায়ী, এক দেশে একই ধরনের ভাইরাসের সংক্রমণ যদি এক বছর বা তার বেশি সময় ধরে একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়াতে থাকে, তাহলে সেটিকে স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণ বা এন্ডেমিক হিসেবে ধরা হয়।
এই বিষয়টি নির্ধারণ করতে রোগীদের কাছ থেকে সংগৃহীত ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। ভাইরাস যখন নিজের অনুলিপি তৈরি করে, তখন জিনগত সংকেতে সামান্য পরিবর্তন ঘটে। বিভিন্ন সংক্রমণের ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন, সেগুলোর মধ্যে কতটা সম্পর্ক রয়েছে এবং একই সংক্রমণধারার অংশ কি না।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য গবেষণাগারের বিজ্ঞানীরা একটি প্রাথমিক গবেষণাপত্র প্রকাশ করেন। এতে দেখা যায়, উটাহতে একই ধরনের হামের ভাইরাস এক বছরের বেশি সময় ধরে ছড়িয়েছে এবং মোট আক্রান্তের ৯৫ শতাংশের বেশি এই একই ধরনের ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত উটাহর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন।
এছাড়া, সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী হামের প্রাদুর্ভাব দেখা গেছে।
বিশেষজ্ঞ কমিটি ঠিক কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের ভাইরাসবিদ এবং ভ্যাকসিন সাময়িকীর প্রধান সম্পাদক ড. অ্যাঞ্জেলা রাসমুসেনের মতে, সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে খুব বেশি জটিলতার প্রয়োজন ছিল না। তাঁর ভাষায়, উটাহর গবেষণার তথ্যই হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের জন্য যথেষ্ট ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন