প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নেন। পরে সেখানে তিনি নিজের গুলিতে মারা যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকাল ৮টা ২৩ মিনিটে পুলিশ ওই এলাকায় সক্রিয় বন্দুকধারীর বিষয়ে সতর্কতা জারি করে।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। পুলিশ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে আত্মসমর্পণের জন্য আলোচনা চালাচ্ছিল। এ সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।
পুলিশ পরে কক্ষে প্রবেশ করে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেই গুলি চালিয়েছিলেন। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, হামলার পর এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে ফেলেন।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।
স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন। ওই ব্যক্তির শরীর থেকে রক্ত বের হচ্ছিল। জিমের আরেক সদস্য তাঁকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনেছেন। পরে বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।
ঘটনাস্থলটি হোয়াইট হাউস থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে অবস্থিত। ব্যস্ত সময়ে হামলার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কাছের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।
পুলিশের পক্ষ থেকে নিকটবর্তী ভবনের ভেতরে প্রবেশ করতে, জানালা থেকে দূরে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। তথ্যসূত্র: আল-জাজিরা, এপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন