প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে সরকার গুরুত্ব আরোপ করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি উল্লেখ করেন, অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং বিদ্বেষমূলক বক্তব্যের মতো নতুন ঝুঁকিগুলোর মোকাবেলায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপদ পরিবেশ ছাড়া নারীর শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব এবং সমাজে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়নের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউজিসি ও ইউএন উইমেনের যৌথ আয়োজনে ‘হোল অব স্কুল অ্যাপ্রোচ’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে ড. মামুন বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীপ্রধানদের সামাজিক সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারে নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ড. মামুন যৌন হয়রানি এবং জেন্ডারভিত্তিক সহিংসতার অভিযোগ জানানোর প্রক্রিয়াকে সহজ, নিরাপদ, গোপনীয় এবং কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, অভিযোগের পর ভুক্তভোগীর জন্য প্রয়োজনীয় সহায়তা, জবাবদিহি এবং তদারকির ব্যবস্থা থাকতে হবে।
দ্রুত ডিজিটালাইজেশনের ফলে নারীদের জন্য নতুন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ডিজিটাল পরিবেশ, সচেতনতা এবং কার্যকর ও গোপনীয় অভিযোগ ব্যবস্থার নিশ্চয়তা প্রদান করতে হবে।
নারীর নেতৃত্ব বিকাশের প্রসঙ্গে ইউজিসি সদস্য বলেন, নারীর অংশগ্রহণকে কেবল কোটা বা প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নেতৃত্বে উঠে আসার সুযোগ সৃষ্টি করতে হবে।
নারীর নিরাপত্তা এবং ক্ষমতায়নের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সমন্বয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে ইউজিসি বা উন্নয়ন সহযোগীদের অর্থায়নের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগাতে হবে।
এছাড়া উল্লেখ্য, কর্মক্ষেত্র, জনপরিসর এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউজিসি ও ইউএন উইমেনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন