প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া রাতের অন্ধকারে পাহাড় ও টিলা কেটে জমি ভরাটের অভিযোগ উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ির হালদা ভ্যালি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার তথ্য জানতে চাইলে সাংবাদিকের সঙ্গে উদ্ধত আচরণ করেন বাগানটির ব্যবস্থাপক এম এ কাশেম। উপজেলা প্রশাসন জানায়, পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
২২ অক্টোবর গভীর রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকায় চা বাগানের ফ্যাক্টরির পাশে স্ক্যাভেটর দিয়ে টিলা কেটে মাটি সরানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বাগানের ফ্যাক্টরির পাশে একটি টিলা থেকে স্ক্যাভেটর দিয়ে লাল মাটি কেটে নেওয়া হয়। পরে অভিযোগ রয়েছে যে, বাগান ব্যবস্থাপকের বাংলোর কয়েকশ ফুট পেছনে একটি ফসলি জমি ভরাট করতে ওই মাটি ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের দাবি, টিলা কাটার স্থানটির লাল মাটি ছাই দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অন্যদিকে, লাল মাটি দিয়ে জমি ভরাটের স্থানটি বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হালদা ভ্যালি চা বাগানের এক বাসিন্দা জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই বাগান কর্তৃপক্ষ এ কাজ করেছে। তিনি বলেন, এর আগেও বাগানের বিভিন্ন স্থানে এ ধরনের কাজ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হালদা ভ্যালি চা বাগানের ব্যবস্থাপক এম এ কাশেম এ প্রতিবেদকের সঙ্গে উদ্ধত আচরণ করেন। তিনি বলেন, "হালদা ভ্যালি চা বাগানের পুরোটাই তো পাহাড়। এছাড়াও সমাজসেবা থেকে আমাদেরকে ছয়টি ঘর করার জন্য বলা হয়েছে। তাই মাটি ভরাট করা হচ্ছে।"
তবে পরিবেশ অধিদপ্তর কিংবা উপজেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে জানতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, "পাহাড় ও টিলা কাটার ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। বিষয়টি আমরা অবগত হয়েছি। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উল্লেখ্য, এর আগে হালদা ভ্যালি চা বাগানের অভ্যন্তরে পাহাড় কেটে খাল খননের অভিযোগে জরিমানার ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন