প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বাজারে শীতকালীন নতুন সবজির উপস্থিতি থাকলেও, দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। নতুন আলুর দাম প্রতি কেজি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে রয়েছে। মাছের বাজারেও দাম চড়া। বিশেষ করে বড় আকারের ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর টাউন হল মার্কেটে সবজি, মাছ ও মুরগির বাজারে ক্রেতাদের তুলনামূলকভাবে বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিশেষ করে বড় আকারের মাছ, ইলিশ এবং কিছু সবজি কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
ব্যবসায়ী রমিজ উদ্দিন জানিয়েছেন, বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে দাম শুরুতে কিছুটা বেশি থাকে।
ক্রেতা সিদ্দিকুর রহমান বলেছেন, "টেলিভিশনে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে।"
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঝিঙার দাম ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং পটোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১০০ টাকা, সাধারণ টমেটো ১২০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপের দাম ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ১৪০ টাকা, জলপাই ৮০ টাকা এবং নতুন আলু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে কিছু পণ্যের দাম ১০০ টাকা ছাড়ালেও, কয়েকটির দাম তুলনামূলকভাবে কম। বিশেষ করে পেঁপে, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি ও পটোল ক্রেতারা ৩০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারছেন।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা। অন্যদিকে সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকা। ব্রয়লারের তুলনায় সোনালি মুরগি কিনতে ক্রেতাদের বেশি টাকা গুনতে হচ্ছে।
এদিকে, মাছের বাজারেও দামের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। তুলনামূলক কম দামে প্রতি কেজি পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, বায়লা ৫৫০ টাকা।
অন্যদিকে, বড় আকারের কাতল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১,২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে ১,০০০ টাকা কেজি দরে। বড় আকারের চিংড়ির দাম কেজিপ্রতি ১,৪০০ টাকা। সাগরের পাঙাশ বিক্রি হচ্ছে ১,২০০ টাকায়।
ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজির হিসাবে ২,০০০ থেকে ২,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২,৬০০ টাকা।
মাছ ব্যবসায়ী মোজাম্মেল বলেছেন, "সাগরের মাছ সব সময় বেশি থাকে। হাজারের নিচে বিক্রি হয় না। আবার দেশি মাছের দামও বেশি। চাষের মাছের দামও ২০০ টাকার উপরে। আজকে আইড় মাছ ৭০০ থেকে ১,২৫০ টাকা কেজি বিক্রি করছি।"
আজাদ রহমান নামে এক ক্রেতা জানিয়েছেন, মোহাম্মদপুরে অন্যান্য বাজারের তুলনায় টাউন হল মার্কেটে মাছের দাম একটু বেশি থাকে। দাম বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।
এদিকে, আজকে প্রতি ডজন ব্রয়লা ডিম (ব্রাউন) ১৪০ ও সাদা ১৩০ টাকা বিক্রি করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন