প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রির অভিযোগে, লেবেল না থাকা এবং লাইসেন্স না নেওয়ার কারণে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা প্রদান করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
অভিযান চলাকালে জানা যায়, শেরপুর উপজেলার ধুনট মোড়ে হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইনের ধারায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় কিছু প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই তৈরি ও বিক্রির পাশাপাশি লেবেলবিহীন পণ্য বিক্রির অনিয়মও ধরা পড়ে। বেশ কিছু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।
বিএসটিআইয়ের বগুড়ার ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান মন্তব্য করেন, অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন করার এবং লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন