প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সামির আবু ইউনুস, যিনি দক্ষিণ গাজার রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলার ফলে তিনি নিহত হয়েছেন বলে হামাস নিশ্চিত করেছে।
এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এবং দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, শনিবার খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে হামাসের এক শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাঁবুর ওপর ইসরাইলি হামলায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, গাজায় সাম্প্রতিক বন্যার কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়শিবির ডুবে গেছে। হাজার হাজার তাঁবু ধ্বংস হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র, তাঁবু ও ত্রাণের অভাবে দুর্ভোগ বাড়ছে।
এমন পরিস্থিতিতে গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মেরামত এবং বৃষ্টির পানি নিষ্কাশনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল-হাইয়া।
তিনি মন্তব্য করেছেন, ‘গাজায় যা ঘটছে, তা আর কেবল মানবিক জরুরি সংকট বা যুদ্ধের স্বাভাবিক পরিণতি নয়। বরং এটি এমন এক জটিল বাস্তবতা, যেখানে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালানো এবং ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহে বাধা দেয়া—সবকিছু একসূত্রে গাঁথা।’
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ১১টি পরিকল্পনার আওতায় ক্বালকিলিয়া, নাবলুস, রামাল্লা ও হেবরনসহ বিভিন্ন এলাকায় এসব বসতি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন