প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেমের মাধ্যমে বিয়ে, সেই সংসারে এসেছে দুই সন্তান। দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদ ঘটে। নতুন করে বিয়েও করেন রঞ্জিত। কিন্তু দ্বিতীয় সংসারও টেকেনি। শেষ পর্যন্ত ফিরে আসেন প্রথম স্ত্রী প্রিয়া রমনের কাছে। দক্ষিণ ভারতীয় অভিনেতা রঞ্জিত ও অভিনেত্রী প্রিয়া রমনের প্রেমের কাহিনী যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তারা দুবার একই মানুষের প্রেমে পড়েছেন। বিচ্ছেদের সাত বছর পরে আবারও এক হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।
তাদের পুনর্মিলনের গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, রঞ্জিতের দ্বিতীয় বিয়ের পরেও প্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। মাঝখানে অন্য একজনকে জীবনসঙ্গী করেছিলেন রঞ্জিত। সেই বিয়েও ভেঙে যাওয়ার পর পুরোনো প্রেমের কাছে ফিরে আসেন তিনি। অসুস্থতার সময়ে প্রিয়াকে পাশে পাওয়ার মাধ্যমে এবং দুজনের নতুন করে একে অপরকে গ্রহণ করার মধ্য দিয়ে তাদের জীবনে শুরু হয় দ্বিতীয় ইনিংস।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে আবারও আলোচনায় এসেছে এই জুটির ব্যতিক্রমী প্রেমের গল্প।
রঞ্জিত ও প্রিয়া রমনের অভিনয়জীবন শুরু হয় একই বছর, ১৯৯৩ সালে। রঞ্জিত তামিল ছবি ‘পোন ভিলাঙ্গু’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। অন্যদিকে প্রিয়ার অভিষেক ঘটে রজনীকান্তের প্রযোজিত ‘ভাল্লি’ ছবিতে। এই ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। ছবিতে রজনীকান্তও বিশেষ চরিত্রে ছিলেন।
দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে দ্রুত পরিচিতি পান প্রিয়া। বিশেষ করে মালয়ালম সিনেমায় তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। মোহনলাল, মাম্মুট্টি, সুরেশ গোপী ও কমল হাসানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। মোহনলালের সঙ্গে ‘মান্ত্রিকম’ ও ‘আরাম থামপুরান’, মাম্মুট্টির সঙ্গে ‘সাইন্যম’ এবং ‘নম্বর ওয়ান স্নেহতীরাম বেঙ্গালোর নর্থ’, সুরেশ গোপীর সঙ্গে ‘কাশ্মীরাম’ ও ‘ভূপতি’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন প্রিয়া। ‘সাইন্যম’ ছবিতে তার আধুনিক পোশাক ও প্রাণবন্ত উপস্থিতি সে সময় বেশ আলোচিত হয়েছিল। ‘কাশ্মীরাম’ ও ‘অর্থনা’ ছবির গানেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
অন্যদিকে তামিল ও মালয়ালম—দুই ভাষার সিনেমাতেই নিজের অবস্থান তৈরি করেন রঞ্জিত। ‘নাটপুক্কাগা’, ‘ধর্মা’, ‘মারু মালার্চি’, ‘পুধুমাই পিথান’সহ বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯৮ সালে মাম্মুট্টির বিপরীতে ‘মারু মালার্চি’ ছবিতে অভিনয়ের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা খলনায়কের সম্মান পান। মালয়ালম ছবিতেও খলনায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন রঞ্জিত। মোহনলালের ‘নাটুরাজাভু’ ও ‘চন্দ্রোৎসবম’, মাম্মুট্টির ‘রাজামানিক্যম’ ছবিতে তার অভিনয় দর্শকের নজর কাড়ে।
১৯৯৯ সালে তামিল ছবি ‘নেসাম পুধুসু’র সেটে পরিচয় ঘটে রঞ্জিত ও প্রিয়ার। ছবিতে তারা ছিলেন নায়ক-নায়িকা। অভিনয়ের সূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় প্রেমে রূপ নেয়। একই বছর তারা বিয়ে করেন। সংসারে আসে দুই ছেলে।
বিয়ের পর সংসারে মনোযোগী হন প্রিয়া। অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে দুই সন্তানকে বড় করে তোলার পাশাপাশি সংসার সামলাতে শুরু করেন। রঞ্জিত অবশ্য অভিনয় চালিয়ে যান। তামিল ও মালয়ালম ছবিতে নিয়মিত কাজ করছিলেন তিনি।
প্রিয়ার অভিনয়জীবনের বিরতি দীর্ঘ হলেও পরবর্তী সময়ে ছোট পর্দায় ফিরে আসেন তিনি। মালয়ালম ও তামিল টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে আবারও দর্শকের সামনে হাজির হন। তার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে ছিল ‘সেম্বারুথি’।
তবে ধীরে ধীরে তাদের দাম্পত্যে দূরত্ব তৈরি হতে থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে বাড়ছিল সম্পর্কের টানাপোড়েন। শেষ পর্যন্ত ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে রঞ্জিত ও প্রিয়ার। ১৯৯৯ সালে বিয়ের পর প্রায় ১৫ বছরের সংসারের ইতি ঘটে। তাদের বিচ্ছেদের খবর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
বিচ্ছেদের কারণ নিয়ে তখন বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। ২০১৪ সালের জুনে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে রঞ্জিত তাদের আলাদা হওয়ার কারণ হিসেবে ‘মতপার্থক্য’ বা পারস্পরিক বোঝাপড়ার অভাবের কথা জানিয়েছিলেন। দুই সন্তানের দায়িত্বও তখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।
পরে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ তাদের বিচ্ছেদের পেছনে রঞ্জিতের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনের কথা বলেন। তার দাবি, অন্য এক নারীর সঙ্গে রঞ্জিতের সম্পর্কের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়া। স্বামীকে সেই সম্পর্ক থেকে ফেরানোর চেষ্টা করেও সফল হননি তিনি। শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজন।
বিচ্ছেদের পর দুই সন্তানের দায়িত্ব নেন প্রিয়া। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আবারও অভিনয়ে মনোযোগী হন তিনি। একসময় সংসারের জন্য কাজ থেকে দূরে সরে যাওয়া এই অভিনেত্রীকে নতুন করে নিজের পেশাগত জীবন গড়ে তুলতে হয়।
প্রিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বেশি সময় অপেক্ষা করেননি রঞ্জিত। ২০১৪ সালেই অভিনেত্রী রাগাসুধাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের এক বছরের মাথায়, ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এদিকে প্রিয়া নিজের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানদের বড় করে তোলার পাশাপাশি টেলিভিশনে নিয়মিত অভিনয় করছিলেন। দুই সাবেক স্বামী-স্ত্রীর জীবন তখন আলাদা পথে চলছিল। কিন্তু ভাগ্য যেন তাদের জন্য অন্য গল্প লিখে রেখেছিল।
বিচ্ছেদের প্রায় সাত বছর পর আবারও কাছাকাছি আসেন রঞ্জিত ও প্রিয়া। তাদের পুনর্মিলনের পেছনের গল্প জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ।
তার ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ দেখা হয় দুজনের। অনুষ্ঠানে রঞ্জিতের হাত থেকেই পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন প্রিয়া। সেই মুহূর্তে রঞ্জিত আবারও প্রিয়াকে বিয়ের প্রস্তাব দেন। পুরোনো সম্পর্ককে নতুন করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
অন্যদিকে ২০২৫ সালে মনোরমা-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রঞ্জিত অসুস্থ হয়ে পড়ার পর প্রিয়া আবার তার পাশে দাঁড়ান। সেই কঠিন সময়ে প্রিয়ার কাছ থেকে পাওয়া সহযোগিতা তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
তাদের পুনর্মিলনের খবর অবশ্য প্রকাশ্যে আসে আরও পরে। ২০২১ সালের জুনে নিজেদের ২২তম বিবাহবার্ষিকীতে একসঙ্গে ছবি প্রকাশ করেন দুজন। ছবিতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে বিস্মিত হন ভক্তরা। রঞ্জিত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় তাদের জীবনের পথচলা সুন্দর হয়ে উঠেছে।
প্রিয়াও ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। এরপর তাদের সম্পর্ক আবারও জোড়া লেগেছে—এমন খবর ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতীয় গণমাধ্যমে।
প্রিয়া ও রঞ্জিতের পুনর্মিলনের আরেকটি ইঙ্গিত পাওয়া যায় তাদের পেশাগত জীবনেও। ২০২১ সালে তামিল ধারাবাহিক ‘সেন্থুরা পুভে’তে একসঙ্গে অভিনয় করেন তারা। ধারাবাহিকে রঞ্জিতের চরিত্র দুরাইসিংগমের স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রিয়াকে। বাস্তব জীবনে একসময় স্বামী-স্ত্রী ছিলেন, পরে বিচ্ছেদ হয়েছে, আবার সম্পর্ক জোড়া লেগেছে—এমন দুই মানুষের পর্দায়ও স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় দর্শকের আগ্রহ বাড়ায়।
২০২৪ সালের ডিসেম্বরে ‘বিগ বস তামিল ৮’-এর প্রতিযোগী হিসেবে রঞ্জিতের অংশগ্রহণের সময়ও প্রিয়াকে ঘিরে একটি দৃশ্য আলোচনায় আসে। অনুষ্ঠান শেষে বিদায়ের এক আয়োজনে প্রিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রঞ্জিত। তাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায়। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক বিজয় সেতুপতির সঙ্গে হাত মেলানোর কথাও ভুলে গিয়েছিলেন তিনি—এমন বর্ণনা দিয়েছে মনোরমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন