প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে আর্থিক লেনদেন, চেক ডিজঅনার ও প্রতারণার একের পর এক অভিযোগে আলোচনায় এসেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ। পূর্বের একাধিক মামলায় সাজা ও অর্থদণ্ডের রায়ের বিষয়টি সামনে আসার মধ্যেই এবার তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে।
নতুন এ মামলার বাদী ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা শেখ ফয়েজ আহমেদ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামি নাজমুল পারভেজের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষ জানিয়েছে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, পাওনা অর্থ পরিশোধের জন্য সৈয়দ নাজমুল আলম পারভেজ তাঁকে একটি চেক প্রদান করেন। পরবর্তী সময়ে চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বন্ধ থাকায় তা ডিজঅনার হয়। পাওনা অর্থ আদায়ের অন্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চেকসংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত প্রায় আটটি মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতের রায় হয়েছে এবং সেসব মামলায় তাঁর সাজা ও অর্থদণ্ডের বিষয় রয়েছে। এসব মামলার সাজা ভোগের কারণে তাঁকে বিভিন্ন মেয়াদে কারাগারেও থাকতে হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে আদালতে সোপর্দ করেছিল বলেও জানা গেছে।
এদিকে ব্যক্তিগত আর্থিক লেনদেনের বাইরেও ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ঋণের অর্থ দীর্ঘদিন পরিশোধ না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগের গুরুত্ব বিবেচনায় মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে, তাঁর মালিকানাধীন ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকার মালিকানা বিক্রির ঘোষণা দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। পরবর্তী সময়ে পত্রিকাটির মালিকানা বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনায় ভুক্তভোগী এক পক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পত্রিকার মালিকানা হস্তান্তর এবং এ-সংক্রান্ত আর্থিক বিরোধের বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলেও আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা দেশের একটি দায়িত্বশীল সংগঠনের জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে একের পর এক মামলা, আদালতের সাজা, সিআইডির তদন্ত এবং পত্রিকার মালিকানা নিয়ে বিরোধের অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে ভোক্তা অধিকার রক্ষায় দায়িত্বশীল সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সচেতন মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে সৈয়দ নাজমুল আলম পারভেজের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ঠিকানায় পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফলে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার কামাল হোসেন বলেন, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ, আদালতের সাজা ও নতুন মামলা দায়েরের ঘটনা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। একই সঙ্গে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের ফরিদপুর জেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন