প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মীদের মারধর করা, মালিককে আটকে রাখা এবং জোর করে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক কর্মচারী আবুল কালাম আজাদ এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ‘তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর মালিক মো. নজরুল ইসলাম। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত দুই নম্বর আসামি মো. আবুল খায়ের ওরফে খাইরুলকে গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ আগস্ট সকালে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের কর্মীদের মারধর করে এবং মালিক নজরুল ইসলামকে আটকে রেখে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
পরবর্তীতে দর-কষাকষির এক পর্যায়ে অভিযুক্তরা নগদ টাকা ও বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এ সময় তারা অফিসের একটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং এর ডিভিআর নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় দাবি করা হয়েছে যে, এতে প্রায় ১৯ হাজার টাকার ক্ষতি হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন