প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর জেলা শহরের অপরাধমুক্ত রাখার এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বসানো সিসিটিভি ক্যামেরাগুলোর অধিকাংশই বর্তমানে নষ্ট হয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলার তদারকির জন্য স্থাপন করা ৪০টি ক্যামেরার মধ্যে ৩০টিরও বেশি ক্যামেরা বছর যেতে না যেতেই বিকল হয়ে পড়েছে। গত ছয় মাস ধরে ওইসব এলাকায় নজরদারি ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায়, সম্প্রতি সচল করা হয়েছে মাত্র ৪টি ক্যামেরা। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শোনা যাচ্ছে, শেরপুর পৌরসভার অর্থায়ন ও সদর থানার সহায়তায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ক্যামেরা স্থাপন করা হয়। ক্যামেরাগুলো চালুর পর থেকে থানা ও পৌরসভা কার্যালয় ২ স্থান থেকেই শহর পর্যবেক্ষণের ব্যবস্থা রেখেছিল।
কিন্তু স্থাপনের পর বছর যেতে না যেতেই অধিকাংশ সিসি ক্যামেরা বিকল হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে পুরো নজরদারি ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে, যা অপরাধ সংঘটন প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
জানা গেছে, সড়কের পাশের কিছু খুঁটিতে এক বা একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। কয়েকটি স্থানে ক্যামেরা থাকলেও সংযোগের তার নেই। আবার কোথাও ক্যামেরার সামনে জমে আছে ময়লা-আবর্জনা, যা ক্যামেরার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে।
সিসিটিভি ক্যামেরার সুবিধা বন্ধ থাকায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রাতে শহরের প্রধান প্রধান পথ ও নির্জন গলি পথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত অচল ক্যামেরাগুলো মেরামত করে নজরদারি ব্যবস্থা পুনরুদ্ধার করা উচিত। এছাড়া ক্যামেরাগুলোর নিয়মিত পরিচর্যা, কারিগরি ত্রুটি এবং সংযোগ তার চুরি ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করাও জরুরি।
রাতে চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের গৃদ্দা নারায়ণপুরের বাসিন্দা রুবেল মিয়া। তিনি মন্তব্য করেন, বিশেষ করে নারীদের নিরাপদ চলাচল নির্বিঘ্ন রাখতে নজরদারি ব্যবস্থা কার্যকর থাকা প্রয়োজন। এছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে, তদন্তের স্বার্থে তথ্য প্রমাণ পাওয়া কঠিন হবে।
অপরদিকে, অকেজো ক্যামেরাগুলো স্বচল করার কথা জানিয়েছেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। তিনি জানান, আবহাওয়াজনিত প্রভাব ও বিভিন্ন কারিগরি ক্রুটিতে যে সব ক্যামেরা বিকল হয়েছে, সেগুলো মেরামতের কার্যক্রম চলছে। ভবিষ্যতে পৌরসভার আরও কয়েক স্থানে নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।
পৌর প্রশাসক বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে এই প্রযুক্তি কাজে আসবে। ক্যামেরাগুলো পর্যবেক্ষণে শুধু পৌরসভা নয়, থানা থেকেও ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, অপরাধ প্রতিরোধ ও তদন্তের কাজে সিসিটিভি ক্যামেরা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি কার্যকর প্রযুক্তি। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা ক্যামেরাগুলো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে। অপরাধ সংঘটনের ক্ষেত্রে মানুষের মধ্যে সতর্কতা তৈরি করা এবং কোনো ঘটনার পর আলামত সংগ্রহ ও অপরাধ প্রমাণে ক্যামেরা গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, বাড়ি, দোকান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে ক্যামেরা স্থাপন করা থাকলে অন্তত একটি ক্যামেরা সড়কমুখী করে রাখা উচিত। এতে রাস্তায় অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং তদন্ত কাজে পুলিশ বাড়তি সহযোগিতা পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন