প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আলজেরিয়া সফরে গেছেন, যা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে। তিনি গতকাল সোমবার (১৯ অক্টোবর) আলজিয়ার্সের হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরটি ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে।
সফররত বাংলাদেশ প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি খাতে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
আলজেরিয়ার হাইড্রোকার্বন ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের প্রেসিডেনশিয়াল ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রীয় মন্ত্রী এবং হাইড্রোকার্বন বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরকাব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলজেরিয়ার হাইড্রোকার্বন প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা চলাকালে বাংলাদেশের জ্বালানিমন্ত্রী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধন জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
এই সফরের সময় বাংলাদেশের প্রতিনিধি দল আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ অংশীদারি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বাড়ানোর উপায়ও আলোচনায় স্থান পাবে।
আলজেরিয়া সফরকে দুই দেশের জ্বালানি খাতে সহযোগিতা আরো বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। তেল ও গ্যাস খাতে সম্ভাব্য সহযোগিতা এবং অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয় দেশের মধ্যে অংশীদারত্ব জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন