প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সউদী আরবের লোহিত সাগর উপকূলের জাজান বন্দরে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলার ফলে বন্দরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো বেসামরিক মানুষ হতাহত হননি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুথিদের ছোড়া একটি বস্তু জাজান বন্দরে আঘাত করেছে। তবে এটি ক্ষেপণাস্ত্র, ড্রোন, নাকি অন্য কোনো ধরনের অস্ত্র, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি জোট। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, হুথিরা সউদী আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে হামলার হুমকি দিয়েছিল। সউদী নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলার হুমকি দেওয়ার পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি পাল্টা এই হুঁশিয়ারি দেয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জেদ্দাসহ সউদী আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের এবং আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। তিনি শিপিং কোম্পানিগুলোকেও সতর্ক করেন যাতে তারা বন্দরগুলো থেকে জাহাজ সরিয়ে নেয়।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাজান বন্দরে হামলার পাশাপাশি, জেদ্দা বন্দরের কাছে হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। দেশটির লাখো মানুষ আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরশীল হওয়ায়, মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির জন্য এটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তথ্যসূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন