প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী কলেজিয়েট স্কুল ২০২৮ সালে ২০০ বছরে পা দেবে। এই দীর্ঘ পথচলায় বিদ্যালয়টির শ্রেণিকক্ষ পেরিয়ে গেছেন ইতিহাসবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, চলচ্চিত্রকার, সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও সংস্কৃতি অঙ্গনের বহু কৃতী ব্যক্তি।
১৮২৮ সালে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই শতকের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। তবে, বর্তমান বাস্তবতার সঙ্গে সেই গৌরবের মিল নেই। সরকারি এই বিদ্যালয়ে প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য এখনো কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ডিজিটাল বোর্ড নেই। পুরোনো ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, কোথাও ভাঙা জানালা দেখা যাচ্ছে। শৌচাগারের দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে। স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী বা লাইব্রেরিয়ান নেই। বর্ষাকালে পানি জমে খেলার মাঠ অনুপযোগী হয়ে পড়ে।
দুই শতকের ইতিহাস
ইংরেজি শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৮২৮ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে রাজশাহীতে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ প্রতিষ্ঠা করা হয়। ১৮৩৬ সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে। সেই সময় ৭৮ জন হিন্দু, দুজন মুসলমান ও তিনজন খ্রিষ্টানসহ মোট ৮৩ জন শিক্ষার্থী নিয়ে এর আনুষ্ঠানিক সরকারি যাত্রা শুরু হয়।
১৮৭৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাজশাহী কলেজিয়েট স্কুল রাখা হয়। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ; তিন রাষ্ট্রীয় পর্বের সাক্ষী এই প্রতিষ্ঠান। প্রায় দুই শতকের পথচলায় স্কুলটি শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাজশাহীর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
১৯৩৬ সালে শতবর্ষ এবং ১৯৮৬ সালে ১৫০ বছর পূর্তি উদযাপন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ০.৯৭ একর জমির ওপর কয়েকটি ভবনে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। ২০০৮ সালে একাদশ শ্রেণি চালু হয় এবং ২০১০ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।
যারা এই স্কুলের শিক্ষার্থী ছিলেন
ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ও অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, সংগীতশিল্পী জেমস, কথাসাহিত্যিক প্রমথনাথ বিশী, স্থপতি মাজহারুল ইসলাম, ভাস্কর মৃণাল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি বীর উত্তম এ. কে. খন্দকার, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান থেকে বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ দেশ-বিদেশে পরিচিত এমন অসংখ্য ব্যক্তিত্ব এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
রয়েছে রবীন্দ্রনাথ-নজরুলের স্মৃতি
রাজশাহী কলেজিয়েট স্কুলের ইতিহাস কেবল তার ছাত্রদের কৃতিত্বে সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের রাজশাহী সফরের স্মৃতিও প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে রয়েছে।
১৮৯২ সালে রাজশাহীতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাক্তন শিক্ষার্থী অক্ষয় কুমার মৈত্রেয় ও শরৎকুমার রায়ের সঙ্গে সাহিত্যসভায় অংশ নেন। রাজশাহী অ্যাসোসিয়েশনের সভায় ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।
১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম রাজশাহীতে এলে কলেজিয়েট স্কুলের ফুলার হোস্টেলের শিক্ষার্থীরা তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে কবি বক্তব্য দেন এবং ‘চল চল চল’ গানটি পরিবেশন করেন।
১৯৩৮ সালে স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন শেরেবাংলা এ. কে. ফজলুল হক। ছাত্রদের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি দুজন শিক্ষার্থীকে সোনার মেডেল উপহার দেন।
আন্দোলন-সংগ্রামেরও সাক্ষী
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রাম, সব পর্যায়েই কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের ইতিহাস রয়েছে। ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর স্বরাজ আন্দোলনের আহ্বানে স্কুলের শিক্ষার্থীরা পিকেটিং করে। বিলাতি কাপড় বর্জন ও তা পুড়িয়ে ফেলার কর্মসূচিতেও অংশ নেয় তারা। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজশাহী সফরের পর আজাদ হিন্দ ফৌজের আন্দোলনেও স্কুলের শিক্ষার্থীদের অনেকে যুক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় রাজশাহীতে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল, তার সঙ্গে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততার কথা ইতিহাসে রয়েছে। শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, নাজমুল হক ও মহিউদ্দিন আহমেদ এতে সক্রিয় ছিলেন বলে প্রতিষ্ঠানটির ইতিহাসে উল্লেখ করা হয়েছে।
গৌরবের পাশে জরাজীর্ণ বাস্তবতা
বর্তমানে বিদ্যালয়ের পুরোনো ভবনগুলোর বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও জানালার কাচ ভাঙা। এসব ভবনেই প্রতিদিন পাঠদান চলছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, শুধু ভবন সংস্কার নয়, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জানান, ব্রিটিশ আমলের একটি ভবন একসময় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন ছিল। লম্বা গোলাকার স্তম্ভ, উঁচু ছাদ ও প্রশস্ত গ্যালারি ছিল ভবনটির বৈশিষ্ট্য। কিন্তু ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে সেটি ভেঙে ফেলা হয়। অথচ ওই ভবনের একটি শ্রেণিকক্ষ থেকেই রাজশাহী কলেজের শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল।
এদিকে বিদ্যালয়ে এখনো ডিজিটাল বোর্ড না থাকায় প্রচলিত বোর্ডেই পাঠদান চলছে। কম্পিউটার ল্যাব থাকলেও প্রয়োজনের তুলনায় আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। আগে ১৭টি কম্পিউটার থাকলেও বর্তমানে ১৪টি সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। ল্যাবের ব্যবহার নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।
লাইব্রেরিয়ানসহ নেই পরিচ্ছন্নতাকর্মী
এছাড়া এত বড় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী না থাকায় পরিচ্ছন্নতা ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, শৌচাগারে নিয়মিত দুর্গন্ধ থাকে এবং কয়েকটি পানির ট্যাপ নষ্ট।
বিদ্যালয়ের শিক্ষক শহিদুল্লাহ বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও এখানে কোনো সরকারি পরিচ্ছন্নতাকর্মী নেই। বিভিন্ন বেসরকারি তহবিলের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ চালাতে হয়, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
অন্যদিকে বিদ্যালয়ে লাইব্রেরি থাকলেও লাইব্রেরিয়ানের পদ শূন্য। ফলে বিপুলসংখ্যক বই থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিটি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। এ ছাড়া অফিস সহকারী ও অফিস সহায়কসহ কয়েকটি পদও শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে শিক্ষকদেরই দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খেলাধুলার পরিবেশও নেই
বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ থাকলেও বর্ষাকালে সেখানে পানি জমে যায়। কাদা ও আবর্জনায় মাঠ অনুপযোগী হয়ে পড়ে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, মাঠ কিছুটা উঁচু করে ঢালু করা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা গেলে খেলাধুলার পরিবেশের উন্নতি হবে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাইরুল ইসলাম জানান, সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ভবন সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অবকাঠামো, প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।
প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী কলেজিয়েট স্কুল অসংখ্য গুণী মানুষ তৈরি করেছে। প্রতিবছর বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ স্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে। ২০০ বছরে পদার্পণ করতে যাওয়া প্রতিষ্ঠানটি দীর্ঘ ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন