প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ পাবে। তিনি উল্লেখ করেন, সরকার গণভোটের গণরায় অস্বীকার করার পাশাপাশি জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, যার জন্য জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তার যথাযথ জবাব দেবে।
মাওলানা আবদুল হালিম বলেন, মজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে একটি গণজোয়ার তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর ইউনিয়নে নির্বাচনি কর্মী ও দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি প্রতিরোধে জামায়াতের কর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে। ঠাকুরগাঁও-১ আসনের জনগণ কোনো প্রকারের কারচুপি, ইঞ্জিনিয়ারিং ও ভোটডাকাতি বরদাশত করবে না।
মাওলানা আবদুল হালিম অভিযোগ করেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে বাস্তবে ‘সবার আগে বিএনপি’ হয়ে উঠেছে। তিনি বলেন, সব খাতে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ মজলুম জননেতা ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
বৃহস্পতিবার মাওলানা আবদুল হালিম মোট ১০টি ইউনিয়ন সফর করেন এবং বিভিন্ন দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন। এসব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী এবং বালিয়াডাঙ্গী উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন