প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক। তিনি এই সময় প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদানের মান ও শিক্ষা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিদর্শনকালে শিক্ষা সচিব বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার মান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। এ সময় তিনি পাঠদান পদ্ধতি ও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মতামতও শোনেন।
পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা সচিব। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও পাঠদানের মান যাচাই করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান সরাসরি পর্যবেক্ষণের অংশ হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। কাগজে-কলমে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি শ্রেণিকক্ষে বাস্তবে কীভাবে পাঠদান হচ্ছে এবং শিক্ষার্থীরা কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে, তা গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও শিক্ষা সচিব রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস চালুর উদ্যোগ নিয়েও কাজ করছেন শিক্ষা সচিব আবদুল খালেক। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপত্তা বাড়ার পাশাপাশি সড়কে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের মান ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করার উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের তদারকি বাড়ানোর চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন