প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুলাউড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বাজেট ঘোষণার পর পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কোন প্রকার নতুন কর আরোপ না করে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ টাকা। সরকারি অনুদান হিসেবে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। রাজস্ব উদ্ধৃত্ত উন্নয়ন তহবিলে স্থানান্তরিত হবে ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। কুলাউড়া পৌরসভা এ গ্রেডের হলেও গত ৫ বছরে কোনও নতুন কর আরোপ করা হয়নি। গৃহকর ও ভূমি করের ওপর জোর দেওয়া হলেও কর আদায়ের পরিমাণ খুবই নগন্য। ফলে বাজেটে পৌরবাসীর জন্য কোন চমক নেই এবং পৌরবাসী গতানুগতিকতায় অভ্যস্ত হয়ে পড়েছেন। পৌরসভায় বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজসমূহে স্বচ্ছতা নিয়ে উপস্থিত নাগরিকবৃন্দ প্রশ্ন তুলেন। তারা আরও ক্ষোভ প্রকাশ করেন যে, প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। এর ফলে পৌরবাসীর ভোগান্তি ও যানজট প্রকট আকার ধারণ করেছে। বাজেট অধিবেশনে পৌর প্রশাসক সানজিদা আক্তার সমাপনী বক্তব্যে বলেন, এটি একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট। বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী উপকার ভোগ করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষক তাজুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন