প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপকূলীয় অঞ্চল খুলনার পাইকগাছায় অবিরাম বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসময়ের এই বৃষ্টির ফলে প্রকৃতি ও আমন ফসলের কিছু উপকার হলেও, সবজি ফসল এবং ইটভাটার জন্য এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, টানা বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বুধবার মধ্যরাত থেকে উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুর থেকে ভারী বৃষ্টিতে পরিণত হয়। অনেকের মতে, অসময়ের এই বৃষ্টি একদিকে শীতের আগমনী বার্তা দিচ্ছে, অন্যদিকে আমন ফসলের জন্য এটি আশীর্বাদ হতে পারে। তবে, যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে সবজি ফসল ও ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে উঠবে।
বান্দিকাটীর কৃষক মুনসুর সরদার মন্তব্য করেন, যেসব আমন ফসলের মাঠের পানি শুকিয়ে গেছে, বৃষ্টির কারণে সেসব জায়গার আমন ফসলের ফলন অনেক ভালো হবে। তবে, যারা পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করেছেন, তাঁদের জন্য অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এসএমসি ব্রিকসের মালিক নাজমুল হুদা মিথুন জানান, বর্তমানে ইট পোড়ানোর মৌসুম চলছে। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে। এই সময় ভারী বৃষ্টি হলে ভাটামালিকদের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।
এদিকে, টানা বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছেন না। সকাল থেকেই মানুষের চলাচল কমে গেছে। শ্রমজীবী মানুষ ঘরে বসেই দিন কাটাচ্ছেন। দিনমজুর ইউনুস গোলদার জানিয়েছেন, তিনি এদিন কোনো কাজে যেতে পারেননি।
বৃষ্টির সময় কৃষি ফসল সুরক্ষার জন্য কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন।
উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের প্রভাবের ওপর নজর রাখছে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে। প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন