প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর সাপাহার উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। স্বামীর মৃত্যুর দুই দিন পর স্ত্রী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে আফরোজা বেগম (৬৩) মারা যান। এর আগে, গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী সোলায়মান আলী মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে আফরোজা বেগম রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যান। তখন গ্যাস লাইটার জ্বালানোর সময় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন।
আফরোজা বেগমের আর্তচিৎকার শুনে স্বামী সোলায়মান আলী পাশের ঘর থেকে ছুটে আসেন। স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে তিনিও মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সোলায়মান আলী মারা যান। এরপর তার মরদেহ এবং চিকিৎসাধীন স্ত্রীকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। স্বামীর দাফন সম্পন্ন হওয়ার পর বাড়িতে থাকা অবস্থায় রোববার ভোরে আফরোজা বেগমও মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, "লোকমুখে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন