প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর জেলার নালিতাবাড়ীতে জমির বিরোধের কারণে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রফিকুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। ঘটনাটি ঘটে উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র। অভিযুক্ত আহসান (৩৩) হলেন তাঁর বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাতিজা আহসানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আহসান রফিকুল ইসলামের ভোগদখলে থাকা জমিতে কলাগাছের চারা রোপণ করেন। পরে রফিকুল ইসলাম ওই চারাগুলো কেটে ফেলেন। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে আহসান গত ১ সেপ্টেম্বর রফিকুল ইসলামকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু ঘটে। ময়নাতদন্তের পর সোমবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন