প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির চক্রের জন্য ১২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা রাতে ছোট দলে বিভক্ত হয়ে মোটরসাইকেলে বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে বেড়াত। তারা বিড়ালগুলো কোন বাড়িতে রাখা হয় তা জানার পর মাছের টুকরোকে টোপ হিসেবে ব্যবহার করে ঘরের বাইরে ফাঁদ পেতে রাখত।
প্রতিটি দল রাতে গড়ে চার থেকে দশটি বিড়াল চুরি করত। গত ৮ জুলাই পুলিশ অভিযান চালিয়ে ৫০টি বিড়াল, বিড়াল ধরার ফাঁদ, পশম ছাড়ানোর যন্ত্র ও নগদ অর্থসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে। পরে ১২ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রায় ২,৭০০ বিড়াল চুরির কথা স্বীকার করে।
উদ্ধারকৃত বিড়ালগুলোর মধ্যে ১৩টি ইতোমধ্যে তাদের আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলোকে একটি প্রাণী কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে।
প্রাণী সুরক্ষা সংস্থা ‘হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস’ জানায়, ভিয়েতনামে প্রতি বছর প্রায় ৫০ লাখ কুকুর এবং ১০ লাখ বিড়াল মাংসের জন্য চুরি, পাচার ও জবাই করা হয়। দেশটিতে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনসম্মত হওয়ায় অনেক রেস্তোরাঁয় তা খোলাখুলি বিক্রি করা হয়, তবে বিক্রেতাদের কাছে প্রাণীগুলোর উৎস প্রদর্শনের অনুমতিপত্র থাকতে হয়।
যদিও অন্যান্য এশিয়ান দেশের তুলনায় ভিয়েতনামে এই প্রথা বেশি প্রচলিত, তবে তরুণ সমাজ ও পোষা প্রাণীর মালিকদের মধ্যে এর বিরোধিতাও ক্রমেই বাড়ছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন