প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্মার্টফোনের পাশাপাশি এবার টেলিভিশনের বড় পর্দায় ইনস্টাগ্রামের রিলস দেখা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন এ সুবিধা চালু করছে, যার মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে ভিডিও দেখার সুযোগ তৈরি হবে। মেটা জানিয়েছে, ‘ইনস্টাগ্রাম ফর টিভি’ আগামী কয়েক দিনের মধ্যে ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হবে।
গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে আয়োজিত মেটার বার্ষিক ক্রিয়েটর ইভেন্ট ‘হাউস অব ইনস্টাগ্রাম’-এ এই ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা টেলিভিশনে পছন্দের নির্মাতাদের রিলস দেখতে পারবেন এবং বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন ভিডিও উপভোগ করতে পারবেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়।
মেটা জানিয়েছে, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভির সমর্থিত ডিভাইসে ইনস্টাগ্রাম ফর টিভি ব্যবহার করা যাবে। অ্যাপ ইনস্টল করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই টেলিভিশনে ভিডিও দেখা যাবে।
একটি টেলিভিশনে সর্বোচ্চ পাঁচটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। ফলে পরিবারের সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পারবেন। চাইলে শুধু টেলিভিশনে ভিডিও দেখার জন্য আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও তৈরি করা যাবে।
টেলিভিশনে ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা স্মার্টফোনের অ্যাপ থেকে কিছুটা আলাদা হবে। ফোনে যেমন আঙুল দিয়ে স্ক্রল করে রিলস দেখতে হয়, টেলিভিশনে তেমনটি করতে হবে না। একটি ভিডিও শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ভিডিও চলতে শুরু করবে। টেলিভিশনের রিমোট ব্যবহার করেই বিভিন্ন ভিডিও দেখা যাবে।
ব্যবহারকারীদের আগ্রহ, জনপ্রিয় ভিডিও এবং অনুসরণ করা অ্যাকাউন্টের ভিত্তিতে রিলস সাজিয়ে দেখাতে বিভিন্ন চ্যানেলও যুক্ত করা হচ্ছে। এ ছাড়া স্টোরিজ দেখা, নির্মাতাদের প্রোফাইল ঘুরে দেখা এবং সার্চ অপশনের মাধ্যমে নির্দিষ্ট নির্মাতা বা ভিডিও খুঁজে পাওয়ার সুযোগ থাকবে।
ভারতের ব্যবহারকারীদের জন্য এ সুবিধায় আড়াআড়ি বা ওয়াইডস্ক্রিন রিলসও দেখা যাবে। পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও একাধিক ছবির পোস্ট দেখার সুবিধা থাকবে।
স্মার্টফোন থেকে সরাসরি টেলিভিশনেও রিলস দেখানো যাবে। এ জন্য ফোন ও টেলিভিশন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে। এরপর ফোনে ইনস্টাগ্রাম খুলে কাস্ট অপশন থেকে টেলিভিশন নির্বাচন করলেই ভিডিও বড় পর্দায় দেখা যাবে। তবে ডিভাইসভেদে এ সুবিধার প্রাপ্যতা ভিন্ন হতে পারে।
এ ছাড়া ‘ফ্রেন্ডস’ নামে একটি ট্যাব থাকবে। সেখানে অনুসরণ করা ব্যক্তিদের কনটেন্ট এবং বন্ধুদের মধ্যে জনপ্রিয় ভিডিও এক জায়গায় পাওয়া যাবে। কোনো নির্মাতার প্রোফাইলে গিয়ে তাঁর রিলস, ছবি, পরিচিতি ও অনুসারীর সংখ্যাও দেখা যাবে। তবে এসব তথ্য দেখার সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংসের ওপর।
টেলিভিশনে একাধিক মানুষের একসঙ্গে ভিডিও দেখার বিষয়টি বিবেচনায় রেখে কনটেন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখছে মেটা। ইনস্টাগ্রাম ফর টিভিতে সাধারণত ১৩ বছর বা তার বেশি বয়সীদের উপযোগী কনটেন্ট রেটিং অনুসরণ করা হবে।
কিশোরদের অ্যাকাউন্টের জন্য আগে থেকে থাকা নিরাপত্তাব্যবস্থাগুলোও টেলিভিশন সংস্করণে কার্যকর থাকবে। এর মধ্যে অনুপযুক্ত কনটেন্ট, মন্তব্য ও প্রোফাইল দেখার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
এ ছাড়া কিশোরদের টেলিভিশনে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও তাদের সামগ্রিক ব্যবহারের সময়সীমার মধ্যে গণনা করা হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার কাছাকাছি এলে তারা সতর্কবার্তা পাবে। ঘুমের সময় ইনস্টাগ্রাম ব্যবহার সীমিত করার নোটিফিকেশনও থাকবে।
তবে আপাতত নতুন সুবিধাটি ভারতের জন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন