প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় এগিয়ে নিতে সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
মঙ্গলবার (৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং খাবার হিসেবে বিস্কুট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি গগন বিকাশ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মাধ্যমে একজন শিশু তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও যেন সমান সুযোগ পায়, সে লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
স্থানীয় অভিভাবকরা জানান, পাহাড়ি এলাকার অনেক পরিবার সীমিত আয়ের কারণে সন্তানদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণ কিনতে হিমশিম খায়। এমন সহায়তা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
বিদ্যালয়ের শিক্ষকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা উপকরণ পাওয়ার ফলে শিক্ষার্থীরা আরও আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসবে এবং পড়াশোনায় মনোযোগী হবে।
এদিকে শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে। তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয়দের মতে, শিক্ষা বিস্তার ও শিশুদের ভবিষ্যৎ গঠনে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ শুধু সহায়তাই নয়, বরং সমাজের জন্য একটি ইতিবাচক বার্তাও বহন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন