প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উল্লেখ করেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো কৃষক।
তিনি আরও বলেন, অসচ্ছল কৃষকদের সরকারি সহায়তা প্রদান করে কৃষি উৎপাদন সচল রাখা সরকারের অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এডিপির অর্থায়নে ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়, এছাড়া ২৫টি গৃহহীন দরিদ্র পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ৯২ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এছাড়া, ১২৬ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার চেক এবং ২৩টি ধর্মীয় প্রতিষ্ঠানকে বার্ষিক অনুদান দেওয়া হয়।
একই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ৮৪০ জন কৃষকের মধ্যে সবজি বীজ ও প্রত্যেককে ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার সমাজের কোনো মানুষকে অবহেলিত রেখে নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের সাংবিধানিক অঙ্গীকার। এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারীদের আত্মকর্মসংস্থান, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং গৃহহীনদের আবাসনের সুযোগ তৈরির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে শক্তিশালী করতে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. মনজুরুল ইসলাম রুবেলসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন