প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুর জেলার সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, পরিবার পরিকল্পনা সহকারী প্রভাতী রানী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার কাজ করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী হায়দার।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা শেষে, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কার পান কাউখালী সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ফারজানা সুলতানা, কাউখালী সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল এবং কাউখালী সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী হায়দার।
এছাড়া, শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে কাউখালী সদর ইউনিয়ন এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে চিরাপাড়া-পারসাতুরিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। পরিবার পরিকল্পনা শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি মাতৃস্বাস্থ্য, শিশুর সুরক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের সভাপতি, পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুর জেলার সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তাদের নিরলস প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব এবং প্রজনন স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সচেতন পরিবার এবং পরিকল্পিত জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সকল মহলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন